খেলার খুচরো
অস্ট্রেলিয়ার সঙ্গে হিক
এশিয়ায় টানা ৯ টেস্ট হেরেছে অস্ট্রেলিয়া। স্পিন-বান্ধব উইকেটে অসহায় আত্মসমর্পণ করেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। আগামী ফেব্রুয়ারিতে ভারত সফরেও যাতে যেন এ দশা না হয়, সে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। ব্যাটিং কোচ হিসেবে ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার গ্রায়েম হিককে নিয়োগ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪০ হাজারেরও বেশি রান করা হিকের কাছ থেকে ধৈর্যশীল ব্যাটিংয়ের মন্ত্রই খুঁজবে অস্ট্রেলিয়া। চার বছরের জন্য নিয়োগ পাওয়ার পর হিকও জানিয়ে দিয়েছেন তাঁর পরিকল্পনা, ‘ইদানীং টেস্ট ক্রিকেটে রানরেট বেড়ে গেছে, কিন্তু ভারতে একটু ধৈর্য থাকা ভালো।’ অস্ট্রেলিয়া দলের সঙ্গে হিক এ বছরই যুক্ত হবেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নভেম্বরের টেস্ট সিরিজ থেকেই অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমে দেখা যাবে তাঁকে। ক্রিকইনফো।
অনুশীলনে না
সামনেই পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজ। এরপরই শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ। এ সময় অনুশীলনে ব্যস্ত থাকার কথা জিম্বাবুয়ের ক্রিকেটারদের। কিন্তু বেতন-ভাতার দাবিতে অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। বকেয়া ম্যাচ ফি আদায় ও চুক্তি নবায়নের দাবিতেই এমন সিদ্ধান্ত। গত বছরের জুলাইয়ের পর থেকেই ম্যাচ ফি পাচ্ছেন না জিম্বাবুয়ের ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের চুক্তি এক মাস বাড়ানো হলেও সেটি শেষ হয়ে গেছে গত আগস্টে। স্থানীয় লিগের কাঠামো পরিবর্তনের ঘোষণা দেওয়ায় চুক্তি কবে হবে তার নিশ্চয়তা নেই। খরচ কমাতে অনুশীলন ক্যাম্পে নাকি হারারের বাইরের ক্রিকেটারদের ডাকা হয়নি! ক্রিকইনফো।
সিমন্স বরখাস্ত
দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পরই বাদ পড়েছিলেন অধিনায়ক ড্যারেন স্যামি। ছয় মাস পেরোতে না-পেরোতেই বাদ পড়লেন ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আনা কোচও। গত মঙ্গলবার বরখাস্ত হয়েছেন ফিল সিমন্স। এ সিদ্ধান্তের পেছনে নিজেদের মতপার্থক্যকেই কারণ দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড, ‘কিছুদিন ধরে জনসমক্ষে কোচ যা বলেছেন এবং ভেতরে-ভেতরে যে আচরণ দেখিয়েছেন, তাতে আমরা বিশ্বাস ও পরিকল্পনার পার্থক্য খুঁজে পেয়েছি।’ তবে বিদায়বেলায় বোর্ড ৫৩ বছর বয়সী সিমন্সকে শুভকামনাই জানিয়েছে, ‘ক্রিকেট বোর্ড তাঁর অবদানের জন্য কোচকে ধন্যবাদ জানাচ্ছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছে।’ পাকিস্তান সিরিজের জন্য আপাতত উইন্ডিজ দলের দায়িত্ব বুঝে পেয়েছেন হেন্ডারসন স্প্রিংগার ও রডি ইস্টউইক। রয়টার্স।