খেলার খুচরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সিরিজ জয়
প্রথম ওয়ানডেতে ভালো লড়াই করলেও কাল সেটা আর পারল না জিম্বাবুয়ে, দ্বিতীয় ওয়ানডেতে ভারতের কাছে হেরে গেছে ৬২ রানে। এক ম্যাচ বাকি থাকতেই তাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে অজিঙ্কা রাহানের দল। টসে হেরে ব্যাট করতে নেমে ভারত করে ২৭১ রান। ম্যাচ সেরা মুরালি বিজয় করেছেন ৭২, রাহানে ৬৩। জিম্বাবুয়ে অলআউট হয়েছে ২০৯ রানে, বলার মতো রান শুধু ওপেনার চামু চিবাবার (৭২)। চার উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার। ক্রিকইনফো
ধন্যি মেয়ে
মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড এখন সোফি ডিভাইন। নিউজিল্যান্ডের ব্যাটার পরশু বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে ১৮ বলেই ফিফটি ছুঁয়ে ভেঙেছেন ওয়েস্ট ইন্ডিজের ডিয়ান্ড্রা ডটিনের ২২ বলের ফিফটির রেকর্ড। ৫ চার ও ৮ ছক্কায় মাত্র ২২ বলে ৭০ রান করেছেন ডিভাইন। ক্রিকইনফো।
শীর্ষে ডি ভিলিয়ার্স
কার্ডিফ টেস্টের দুই ইনিংসেই করেছেন ৩৩। তাতেই আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়ে ফেললেন স্টিভেন স্মিথ। স্মিথকে (৯০১) দুইয়ে নামিয়ে দিয়ে শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৯০৮)। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে খেলছেন না ডি ভিলিয়ার্স, স্মিথের তাই সুযোগ থাকছে শীর্ষে ফেরার। সুযোগ আছে তিনে থাকা হাশিম আমলারও (৮৯১)। কার্ডিফে দুই ইনিংসে ১৩৪ ও ৬০ রান প্রথমবারের মতো শীর্ষ চারে উঠিয়েছে ইংল্যান্ডের জো রুটকে। বোলিংয়ে যথারীতি সবার ওপরে ডেল স্টেইন। তথ্যসূত্র: আইসিসি।