খেলার চেয়ে বড় যেখানে অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দল আগামী ১ জুলাই অস্ট্রেলিয়ার ডারউইনে যাবে। ১৫ দিনের সফরে নর্দার্ন টেরিটরি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সারির একটি দলের সঙ্গে খেলবে পাঁচটি ৫০ ওভারের ম্যাচ ও একটি তিন দিনের ম্যাচ। সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরেরও পরিকল্পনা আছে। আর আগামী বছর এইচপি দল এমনই সফরে যেতে পারে দক্ষিণ আফ্রিকায়।

তবে এইচপি দলের এ সফরগুলো বিগত দিনের মতো হবে না। অস্ট্রেলিয়ায় কোনো সিরিজও খেলতে যাচ্ছে না দলটি। পাঁচটি ৫০ ওভারের ম্যাচ আর একটি তিন দিনের ম্যাচের সবই খেলোয়াড়দের অনুশীলন ক্যাম্পের অংশ বলে জানিয়েছেন এইচপির দায়িত্বে থাকা বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম, ‘এটিকে সিরিজ বললে ভুল হবে। পুরো ব্যাপারটি অনুশীলন-প্রক্রিয়ার অংশ। খেলোয়াড়দের সার্বিক মান উন্নয়নই এর উদ্দেশ্য।’

মোট কথা, যে অনুশীলন ক্যাম্প এত দিন দেশে হতো, সেটারই একটি অংশ এখন থেকে হবে দেশের বাইরে। একেকবার একেক কন্ডিশনে। কিন্তু ২৪ সদস্যের এইচপি স্কোয়াড নিয়ে এবার ক্যাম্প শুরুই হয়েছে ১২ জুন। এই কয় দিনে অনুশীলনের চেয়ে খেলোয়াড়েরা ম্যাচই খেলেছে বেশি। এখন আবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়েও তারা ম্যাচই খেলবে। কিন্তু অনুশীলন না করে শুধু ম্যাচ খেললে কোচ সাইমন হেলমট কতটা বুঝতে পারবেন খেলোয়াড়দের সামর্থ্য? মাহবুবুল আনামের ব্যাখ্যা, ‘আমাদের উদ্দেশ্য ম্যাচ জেতা নয়। অনুশীলনের অংশ হিসেবে খেলোয়াড়দের ম্যাচ প্রস্তুতির একটি পরিবেশ দেওয়া। ভিন্ন কন্ডিশনে চাপের মধ্যে বিদেশি দলের বিপক্ষে কীভাবে খেলতে হয়, সেই অনুশীলন করানোই উদ্দেশ্য। যাতে ছেলেদের ম্যাচ বোঝার এবং ম্যাচ সম্পর্কে সঠিক ধারণা অর্জনের ক্ষমতা বাড়ে।’

যেহেতু এটি কোনো সিরিজ নয় এবং এইচপি দলের ঘুরে আসার বিনিময়ে অস্ট্রেলিয়াও কোনো দল পাঠাবে না বাংলাদেশে, সফরের পুরো খরচই তাই বহন করবে বিসিবি। এর মধ্যে আছে ১৬ জন খেলোয়াড় ও চারজন কোচিং স্টাফের বিমানভাড়া, হোটেলে থাকার খরচ এবং প্রত্যেকের জন্য ৫০ ডলার করে দৈনিক ভাতা। দ্বিপক্ষীয় সিরিজে সফরকারী দল শুধু বিমানভাড়াটাই দিয়ে থাকে। বাকি সব খরচ বহন করে স্বাগতিক বোর্ড। বিসিবির এইচপি ইউনিট এত দিন একাডেমি বা এইচপি দল হিসেবে এ রকম দ্বিপক্ষীয় সিরিজই খেলত। কিন্তু এখন বিসিবির পরিচালনা পর্ষদের নির্দেশনা আছে, এইচপির নামে কোনো দল কোনো সিরিজ খেলবে না। ‘এইচপির অধীনে শুধু অনুশীলন কার্যক্রম চলবে। আমাদের সব কার্যক্রম হবে অনুশীলননির্ভর। এখান থেকে খেলোয়াড়েরা জাতীয় দল বা “এ” দলে গিয়ে খেলবে’—বলেছেন মাহবুবুল আনাম।

অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে ম্যাচ খেলাটা এইচপির অনুশীলন ক্যাম্পের অংশ। কিন্তু ক্যাম্পের জন্য অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকেই কেন বেছে নেওয়া? বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার এ ই এম কাউসারের ব্যাখ্যা, ‘এইচপির ক্যাম্পের উদ্দেশ্য জাতীয় দলের ব্যাকআপ খেলোয়াড় প্রস্তুত রাখা। আমরা চাই ব্যাকআপ খেলোয়াড়েরাও যেন ওসব দেশের কন্ডিশনের সঙ্গে পরিচিত হতে পারে। যেমন ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডে হবে। এইচপির কোনো খেলোয়াড় সেখানে সুযোগ পেলে ইংল্যান্ড সফরের অভিজ্ঞতা অবশ্যই তার কাজে লাগবে।’

কিছু অনুশীলন ম্যাচ হবে দেশেও। ২৪ জনের স্কোয়াডের যাঁরা অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পাননি তাঁদের এবং ঘরোয়া ক্রিকেটের অন্য ভালো পারফরমারদের নিয়ে গঠিত দুটি দল খেলবে সেসব ম্যাচে। এ ছাড়া স্পিন বোলিং ক্যাম্পের মতো ভবিষ্যতে ব্যাটিং এবং পেস বোলিং ক্যাম্পও হবে ঢাকায়। জাতীয় লিগের আগে অনুষ্ঠেয় ব্যাটিং ক্যাম্পে বিশেষজ্ঞ কোচ হিসেবে আসতে পারেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।