খেলার বিনিময়ে ক্ষতিপূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন-ভাতা নিয়ে জটিলতায় ২০১৪ সালে ভারত সফরের মাঝপথেই ফিরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ দল। ৫ ওয়ানডে, ১ টি–টোয়েন্টি ও ৩ টেস্টের ওই সফরে ৪টি ওয়ানডে খেলেই ফিরেছিল ডোয়াইন ব্রাভোর দল। এতে ক্ষুব্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড চুক্তি ভঙ্গের দায়ে ক্ষতিপূরণ চেয়ে বসে। অঙ্কটা বেশ বড়, প্রায় ৪ কোটি ২০ লাখ ডলার! প্রায় দুই বছর পেরিয়ে গেলেও তা শোধ করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। তবে তাদের জন্য স্বস্তির বিষয়, ক্ষতিপূরণের দাবি তুলে নিচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই); শর্ত একটাই—অমীমাংসিত সেই সিরিজটি শেষ করতে হবে ক্যারিবীয়দের।
আগামী জুলাই-আগস্টে ভারতীয় দল ৪ টেস্টের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে। ২০১৭ সালে ফিরতি সফরে ওয়েস্ট ইন্ডিজ আসবে ভারতে। তখনই ২০১৪ সফরের বাকি ম্যাচগুলো তাদের খেলতে হবে। এই শর্তে রাজি হওয়ার পরই বিসিসিআই নিজেদের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করে নিয়েছে। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের দাবি, গত বছরের শেষ দিকেই এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে দুই বোর্ড। কাল সেটাই শুধু জানানো হলো আনুষ্ঠানিকভাবে। সূত্র: ক্রিকইনফো।