খেলার সঙ্গে রাজনীতি মেশানোর পক্ষে নন আকরাম

অনেক পুরোনো বিতর্ক। কেউ বলেন, খেলা খেলাই, এর সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয়। কিন্তু অন্য পক্ষের বক্তব্য, ক্রীড়াবিদেরা একটি দেশকেই প্রতিনিধিত্ব করেন। রাজনীতিকে আলাদা করে রাখার সুযোগ কোথায়? বিশেষ করে খেলাটি যখন ক্রিকেট, দক্ষিণ এশিয়ায় এর সঙ্গে মিশে যায় মানুষের আবেগ, দেশপ্রেম। ক্রিকেট হয়ে ওঠে জাতীয়তাবোধের একটা বাহন।
ওয়াসিম আকরাম অবশ্য প্রথম পক্ষে। পাকিস্তানের এই কিংবদন্তি বোলার মনে করেন, ‘আমার মতে খেলা আর রাজনীতি—দুটোকে আলাদা করে রাখাই উচিত। রাজনৈতিক অঙ্গনে ভারত-পাকিস্তানের মধ্যে যা কিছুই ঘটুক না কেন, দুদেশের মধ্যে ক্রিকেট খেলাটা চালিয়ে নেওয়া উচিত বলেই আমি মনে করি।’ ১৯৯৯ সালে ভারত-পাকিস্তান কারগিল যুদ্ধে জড়িয়ে পড়ে। সেই উত্তেজনার আঁচেই ভারত সফর করে গেছে পাকিস্তান।
সেই দলের অধিনায়ক ছিলেন আকরাম। সেই পরিস্থিতি ক্রিকেট হলে এখন কেন হতে পারছে না, সেই প্রশ্ন তাঁর, ‘সেই সফরটা ছিল নিরাপত্তার চাদরে ঢাকা। বেশির ভাগ সময় আমরা হোটেলে ভেতরেই কাটাতাম, বাইরে বের হতাম না। তার পরও কিন্তু আমরা ক্রিকেট খেলে গেছি, সফরটাও অনেক সফল ছিল। আমার মতে তাই ভারত-পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক কখনো ছিন্ন করা উচিত নয়।’
প্রশ্নটি নতুন করে উঠেছে কদিন আগে পাঞ্জাবে সন্ত্রাসী হামলার পর। যে হামলায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সংশ্লিষ্টতা আছে বলে ভারতের তরফে অভিযোগ। ওই হামলার পর বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর টুইট করে মন্তব্য করেন, সন্ত্রাসী হামলা আর ক্রিকেট পাশাপাশি চলতে পারে না। ভারতের সাবেক অধিনায়ক, বর্তমানে বোর্ডে নীতি নির্ধারকের ভূমিকায় থাকা সৌরভ গাঙ্গুলিও মন্তব্য করেন, মানুষের জীবনের চেয়ে ক্রিকেট কখনোই বড় হতে পারে না।
এর পর পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা তিরও ছোড়া হয়। সাবেক পিসিবি প্রধান ইজাজ বাট দাবি করেন, ভারত আসলে পাকিস্তানের সঙ্গে খেলতে চায় না। নানা অজুহাতে পিছিয়ে যায়। সন্ত্রাসবাদ এমনই একটি অজুহাত মাত্র। দুই পক্ষ থেকে যখন উত্তেজিত মন্তব্য ছোড়া হচ্ছে, সে সময় আকরাম যেন শান্তিদূতের ভূমিকা নিতে চাইলেন।
পিসিবি অবশ্য এখনো আশাবাদী, ডিসেম্বরে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজটি হচ্ছে। পিসিবি প্রধান শাহরিয়ার খান বলেছেন, ‘সিরিজ এখনো হবে। আমরা আরব আমিরাতে গিয়ে খেলতে রাজি। ডিসেম্বরের সিরিজটির ব্যাপারে একটি পরিষ্কার সিদ্ধান্ত আগামী মাস দুয়েকের মধ্যে চলে আসবে বলে আমি মনে করি। কিন্তু দুই মাসের বেশি আমরা অপেক্ষা করতে পারব না। আশা করি ভারতীয় বোর্ড এরই মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবে।’ পিটিআই।