খেলার সুর পাল্টে দিয়েছে কুশল-ধনঞ্জয়া

• সকালের সেশনেই ম্যাচের গতি-প্রকৃতি বোঝা যাবে
• শেষ দুই দিনে তিন স্পিনারের সর্বোচ্চ ব্যবহার করতে চায় শ্রীলঙ্কা
আজ সংবাদ সম্মেলনে তাঁর দেখা পাওয়াটাই ছিল স্বাভাবিক। দলের ব্যাটিং কোচ তিনি। শ্রীলঙ্কা দল ব্যাটে যা করেছে, সে কৃতিত্বের ভাগ তো থিলান সামারাবীরাও নিতে পারেন। তবে সাবেক শ্রীলঙ্কান ব্যাটসম্যানের মধ্যে তেমন ইচ্ছা দেখা গেল না। মাত্র ৩ উইকেটে ৫০৪ রান তোলার কৃতিত্ব ব্যাটসম্যানদেরই দিলেন সামারাবীরা। নির্দিষ্ট করে বললে কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভাকে।
বাংলাদেশের ৫১৩ রানের পর স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই আউট দিমুথ করুণারত্নে। বিপদের গন্ধ পাচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু ৩০৮ রানের এক জুটিতে সব সমীকরণ উল্টে দিয়েছেন মেন্ডিস-ডি সিলভা। সামারাবীরাও সেটাই বলছেন, ‘বাংলাদেশ ৫১৩ রান করার পর বলেছিলাম আমাদেরও এভাবে ব্যাট করতে হবে। গত বছরের সেরা ফর্মের ব্যাটসম্যান আউট হওয়ার পরও খেলার সুর পাল্টে দিয়েছে এ দুজন (কুশল-ধনঞ্জয়া)।’
টপ অর্ডারের এমন ব্যাটিং থেকে শিক্ষা নিয়েছে দলটির মিডল অর্ডার। ৪১৫ রানে তৃতীয় উইকেট হারালেও নিরাপদে দিন পার করে দিয়েছেন রোশন ডি সিলভা ও দিনেশ চান্ডিমাল। বাংলাদেশের চেয়ে মাত্র ৯ রান পিছিয়ে শ্রীলঙ্কা, হাতে এখনো ৩ উইকেট। কাল প্রথম ঘণ্টাতেই লিড নিয়ে ফেলতে পারবে সফরকারীরা। বড় একটা লিড নিয়ে চতুর্থ ও পঞ্চম দিনের উইকেটের সুবিধা নেওয়ার কথাই ভাবছেন সামারাবীরা, ‘আমরা লিড নিয়ে ভাবছি না। যতক্ষণ সম্ভব ব্যাট করতে চাই। চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি পর্যন্ত ব্যাট করতে চাই, তারপর দেখা যাক কী হয়! ধনঞ্জয়া ও কুশলকে পুরো কৃতিত্ব দিতে হচ্ছে। দ্রুত আমরা প্রথম উইকেট হারিয়েছিলাম। তারা ৩০০ রানের জুটি গড়েছে। কালকের প্রথম দুই ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ। আমাদের এভাবেই জুটিই গড়ে যেতে হবে। স্বাভাবিক ব্যাটিং করতে হবে, কারণ ১৮০—অনেক ওভার। আমাদের তিনজন ভালো স্পিনার আছে।’