খেলায় বাগড়া দিতে পারে বৃষ্টি

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে আজ শুক্রবার বিকেলে দুই দলেরই প্রতিপক্ষ হতে পারে আষাঢ়ের বৃষ্টি। এতে মাঠে ও টিভি সেটের সামনে বসে খেলা দেখতে উন্মুখ সারা দেশের অগণিত দর্শক বিমুখ হতে পারেন। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল তিনটায় এই খেলা শুরু হওয়ার কথা।
আজ শুক্রবার সকাল থেকে শুরু হওয়া ঝিরি ঝিরি বৃষ্টি এই আশঙ্কাকে জোরালো করেছে।
আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য, ঢাকায় আজ ভোর ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কিছুটা বিরতি দিলেও বিকেলে বৃষ্টি শুরু হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম প্রথম আলোকে বলেন, বিকেলে বৃষ্টির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি দুপুরের দিকে কিছুটা থামতে পারে। তবে বিকেলে আবার বৃষ্টি শুরু হতে পারে। এমন হলে আজকের ক্রিকেট ম্যাচে বিঘ্ন ঘটবে। তিনি বলেন, বর্ষাকালে বৃষ্টি হবে—এটাই স্বাভাবিক। টানা দুদিনের বৃষ্টির মাত্রা আজকের পর কিছুটা কমে যেতে পারে। এর মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেও গেছে। আজ সকাল থেকে রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ভোর ছয়টা থেকে আজ ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৪০ মিলিমিটার। পরের ছয় ঘণ্টায় এর পরিমাণ ছিল ১৯ মিলিমিটার।
আজ ভোর পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে যশোরে, ১৭৯ মিলিমিটার। এ ছাড়া সাতক্ষীরায় ১২৯, চট্টগ্রামে ১২০ ও চাঁদপুরে ৯৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
টানা বৃষ্টির কারণে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বুধবার এটি ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।