খেলোয়াড় জটিলতা নিয়েই বিসিএল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেই জানা গিয়েছিল, জিম্বাবুয়ে সিরিজের কারণে জাতীয় দলের খেলোয়াড়েরা থাকছেন না এবারের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল)। সমস্যাটাও হয়েছে এখানে। ফ্র্যাঞ্চাইজিগুলো বাধ্য হয়ে খুঁজছে বিকল্প খেলোয়াড়। এ কারণে জাতীয় দলের বাইরে থাকা কিংবা এর কাছাকাছি উঠে আসা খেলোয়াড়দের নিয়ে টানাটানি শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে।
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি ক্রিকেটের চতুর্থ আসরটিতে খেলোয়াড়েরা কে কোন দলে খেলবে, সাধারণত বিসিবি ঠিক করে দেয়। যেহেতু সব অঞ্চল থেকে খেলোয়াড় সরবরাহ সমান নয়, এ কারণে আগের তিন আসরে এক অঞ্চলের খেলোয়াড়দের অন্য অঞ্চলের হয়ে খেলতে হয়েছে। বিসিবি এটি করে দেয় সবাইকে সুযোগ করে দিতে। কিন্তু এবার জাতীয় দলের খেলোয়াড়েরা না থাকায় অন্য অঞ্চলের হয়ে খেলা ভালো খেলোয়াড়দের নিজস্ব অঞ্চলভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দলটি নিতে চাচ্ছে। কিন্তু তাদের ছাড়তে চায় না পুরোনো দল। টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান জানালেন, বিসিএলে চাইলেই খেলোয়াড়েরা দলবদল করতে পারেন না, ‘নিয়ম অনুযায়ী, এভাবে দলবদলের সুযোগ নেই। একজন খেলোয়াড় প্রথমবার যে দলে খেলবেন, পরেরবার তাকে একই দলে খেলতে হবে। একেবারে দলবদলের সুযোগ নেই, তা নয়। যদি আগের ফ্র্যাঞ্চাইজি ছেড়ে দেয়, তবে নতুন দলে যাওয়ার সুযোগ পেতে পারেন।’
কিন্তু দুটি ফ্র্যাঞ্চাইজি এতে আপত্তি জানিয়েছে। তাদের দাবি, নিজের অঞ্চলের দলেই খেলবেন খেলোয়াড়েরা। যেমন—মোসাদ্দেক হোসেন সর্বশেষ আসরে খেলেছেন দক্ষিণাঞ্চলে। এর আগেরবার ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলে। কিন্তু যেহেতু তাঁর বাড়ি ময়মনসিংহে, মধ্যাঞ্চল তাঁকে চায়। ঢাকার ছেলে সাদমান ইসলাম আগেরবার খেলেছেন পূর্বাঞ্চলে। এ ক্ষেত্রে তাঁকেও নিতে চায় মধ্যাঞ্চল। নিজেদের অঞ্চলের খেলোয়াড় খেলোনোর কথা জানিয়ে বিসিবিকে চিঠিও দিয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। যোগযোগ করা হলে ওয়ালটনের কর্মকর্তা উদয় হাকিম সেই দাবির পুনরাবৃত্তি করলেন মুঠোফোনে, ‘বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছি, খেলোয়াড়েরা নিজেদের অঞ্চলের দলেই খেলবে।’
তবে বিসিবি এই দাবির প্রতি এখনো সাড়া দেয়নি। এ বিষয়ে আর আলোচনার প্রয়োজনও মনে করছেন না আকরাম, ‘মিটিংয়ে সব আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শেষবার একজন খেলোয়াড় যে দলে খেলেছে, এখন তার পারফরম্যান্স ভালো হলে আপনি নিশ্চয়ই ছাড়বেন না। একজনের লাভ দেখলে হবে না, আরেকজনের ক্ষতিও দেখতে হবে। মনে করি, এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই।’
বিষয়টির সুরাহা না হওয়ায় কাল বিসিএলের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল না ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের কোনো প্রতিনিধি। আকরাম খান, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন শুধু ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের কর্মকর্তা নজরুল ইসলাম।
১২ জানুয়ারি শুরু বিসিএলের টাইটেল স্পনসর এখনো ঠিক হয়নি। জিম্বাবুয়ে সিরিজ, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও এশিয়া কাপ থাকায় খেলা হবে শুধু বগুড়া ও রাজশাহীতে।