খেলোয়াড়দের বিরুদ্ধে এমন অভিযোগ!
লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচই ইচ্ছে করে হেরেছেন ভিক্টোরিয়ার খেলোয়াড়েরা। আর সেটা হয়েছে অধিনায়ক নাদিফ চৌধুরী, মোহাম্মদ সোহরাওয়ার্দী, ডলার মাহমুদ, হুমায়ুন কবির শাহীন ও সেতুর যোগসাজশে। কাল বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এমনই এক অভিযোগ তুলে ম্যাচ পাতানোর তদন্ত দাবি করেছে ভিক্টোরিয়া।
ক্লাবের সভাপতি নিসারউদ্দিন আহমেদ কাল রাতে মুঠোফোনে দাবি করেছেন, ‘কিছু কিছু ঘটনায় আমাদের ধারণা হয়েছে, রূপগঞ্জের বিপক্ষে দুটি ম্যাচই ওরা ইচ্ছে করে হেরেছে। এ জন্য লিগ চলাকালীন অধিনায়কসহ কয়েকজন খেলোয়াড়কে ক্লাব থেকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হলেও তারা জবাব দেয়নি। এ জন্য বিসিবির কাছে ঘটনার তদন্ত দাবি করেছি।’
তবে অভিযুক্ত খেলোয়াড়েরা ভিক্টোরিয়া সভাপতির দাবিকে মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন। অধিনায়ক নাদিফ চৌধুরী তো সরাসরিই বলেছেন, ‘এটা আমাদের বকেয়া টাকা না দেওয়ার একটা ফন্দি। এ ছাড়া আর কোনো কারণ দেখি না। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে, ক্লাব এ রকম একটা অভিযোগ আমাদের বিরুদ্ধে এনেছে।’ একই কথা বলেছেন জাতীয় দলে খেলা আরেক ক্রিকেটার সোহরাওয়ার্দীও, ‘এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমরা বিষয়টা নিয়ে বোর্ডের সঙ্গে কথা বলতে চাই।’
নাম প্রকাশ না করার শর্তে ভিক্টোরিয়ার আরও কয়েকজন খেলোয়াড় বলেছেন, টাকাপয়সা নিয়ে এর আগে বোর্ডের কাছে অভিযোগ করাতেই ক্লাব এই ‘মিথ্যা’ অভিযোগ এনেছে। যাদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ, তারাই নাকি খেলোয়াড়দের দাবি-দাওয়ার ব্যাপারে বেশি সোচ্চার ছিলেন।
‘প্লেয়ার ড্রাফটে’র নিয়ম অনুযায়ী এত দিনে ৬০ শতাংশ পারিশ্রমিক দিয়ে দেওয়ার কথা ছিল খেলোয়াড়দের। কিন্তু খেলোয়াড়দের অভিযোগ, একজন খেলোয়াড়কে সর্বোচ্চ ৪০ শতাংশ টাকা দিলেও বাকিদের পুরো ৩০ শতাংশ টাকাও দেয়নি ভিক্টোরিয়া। ক্লাব সভাপতি সেটি স্বীকার করেছেন, ‘এটা ঠিক যে স্পনসর সমস্যায় আমরা এখনো পুরো টাকা দিতে পারিনি। তবে সবারটা না পারলেও চেষ্টা করব ঈদের আগেই কিছু খেলোয়াড়কে টাকা দিয়ে দিতে।’