গ্রুপ পর্ব থেকেই মাথা নিচু করে বাড়ি ফিরেছে ইংল্যান্ড। চার হারের বিপরীতে পাওয়া জয় দুটিও দুর্বল স্কটল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে। ক্রিকেটের কুলীনদের এমন পারফরম্যান্স বেশ লজ্জার। তাই সমালোচনার তিরে বিদ্ধ খেলোয়াড়েরা। কেউ কেউ কোচ পিটার মুরসের পিণ্ডি চটকাচ্ছেন। তবে অধিনায়ক এউইন মরগান মনে করেন কোচকে কাঠগড়ায় তোলাটা অন্যায়। খেলোয়াড়দেরই বরং সব দায় মাথা পেতে নিতে বলছেন তিনি।
‘অবশ্যই কোচকে দোষারোপ করা ঠিক নয়। দায় খেলোয়াড়দেরই। একটা দল হিসেবে পারফর্ম করার দায়িত্ব ছিল আমাদের। বিশেষ করে আমরা যখন খারাপ খেলছিলাম, তখন এটা আরও বেশি জরুরি ছিল। কিন্তু আমরা তা পারিনি। আমরা সত্যিই খুব বাজে খেলেছি’—শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও সাংবাদিকদের কাছে আত্মসমালোচনাই করতে হয়েছে মরগানকে।
ইংল্যান্ড অধিনায়ক অবশ্য একটা জায়গায় ধীরস্থির। তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার দাবি উঠলেও সেটিকে আমলে নিচ্ছেন না। গত বছরের শেষ দিকে অ্যালিস্টার কুককে সরিয়ে এই দায়িত্ব তাঁকে দিয়েছিল বোর্ড। কিন্তু তাঁর হাত ধরে এবার বিশ্বকাপে ভরাডুবি হলো ইংল্যান্ডের। আগামী কয়েক সপ্তাহ এটা নিয়ে পর্যালোচনা হবে বোর্ডে। সেখানেই মরগানের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা। তবে বিশ্বকাপের ব্যর্থতার মধ্যেও ইতিবাচক কিছু খুঁজে পেয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান, ‘আমি অনেক কিছুই শিখেছি এই টুর্নামেন্ট থেকে। বিশেষ করে সবকিছু যখন ভালো যাচ্ছিল না, তখন...।’
কিন্তু দল নির্বাচন নিয়ে সমালোচনা, কোনো কোনো খেলোয়াড়ের প্রয়োজনীয়তা ফুরিয়ে যাওয়া—এসব নিয়ে কী বলবেন? মরগানের দাবি, সঠিক খেলোয়াড় নিয়েই বিশ্বকাপ দল গঠন করা হয়েছে। বিশ্বকাপ-ব্যর্থতার জেরে কাউকে দল থেকে ছেঁটে ফেলা বা অবসরে পাঠানোর দরকার আছে বলেও মনে করেন না আইরিশ বংশোদ্ভূত ইংল্যান্ড অধিনায়ক। তাঁর যুক্তি, ইংল্যান্ড চারটি ম্যাচই হেরেছে টেস্ট খেলুড়ে দেশের কাছে—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
যুক্তি মরগান যতই দিন, সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস দলে শুদ্ধি অভিযান শুরুর জোর দাবিই তুলছেন। তিনি চান ওয়ানডে দলের খোলনলচে পাল্টে দলে নতুন রক্ত সরবরাহ করা হোক। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া স্ট্রাউসের বিশ্বাস, কয়েকজন খেলোয়াড় সেরা সময় পেরিয়ে গেছেন এবং তাঁদের আর বয়ে বেড়ানোর অর্থ নেই। বিশেষ করে দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের দিকেই স্ট্রাউসের আঙুল। এই দুজনকে ওয়ানডে দলে আর দেখতে রাজি নন স্ট্রাউস, ‘অ্যান্ডারসন ও ব্রড এখনো আমাদের সেরা দুই পেসার। কিন্তু অন্য বোলারদের চেয়ে বেশি কিছু ওরা দিতে পারেনি। মেধার প্রতিও সুবিচার করে করতে পারেনি ওরা।’ রয়টার্স, স্কাই স্পোর্টস।