খেলোয়াড়দের 'দ্বিতীয় সুযোগ' দিতে বলছেন লেম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মিথদের অন্তর্জ্বালাটা বুঝতে পারছেন লেম্যান। ছবি: এএফপি
স্মিথদের অন্তর্জ্বালাটা বুঝতে পারছেন লেম্যান। ছবি: এএফপি

কেপটাউন টেস্ট বল টেম্পারিং কলঙ্কে শাস্তি পেয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। তবে ন্যক্কারজনক এ ঘটনায় সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে অস্ট্রেলিয়া দলের কোচ ড্যারেন লেম্যানের নাম। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চোখে নির্দোষ সাব্যস্ত হলেও দলটির কোচ হিসেবে লেম্যানের বক্তব্য শোনার অপেক্ষায় ছিল সবাই। অবশেষে নীরবতা ভেঙে স্মিথদের দ্বিতীয় সুযোগ দেওয়ার অনুরোধ করেছেন অস্ট্রেলিয়া দলের ৪৮ বছর বয়সী এ কোচ।

স্মিথরা বল টেম্পারিং স্বীকার করে নেওয়ার পর থেকেই মুখে কুলুপ এঁটে ছিলেন লেম্যান। তাঁর পদত্যাগের গুঞ্জনও উঠেছিল। কিন্তু সে রকম কোনো ইচ্ছা না থাকলেও অস্ট্রেলিয়া দলের সংস্কৃতি পাল্টানোর স্বীকারোক্তি ঝরেছে তাঁর কণ্ঠে। অভিযুক্ত খেলোয়াড়দের ব্যাপারে ভক্ত ও সংবাদমাধ্যমের কাছে ‘দ্বিতীয় সুযোগ’ চেয়ে লেম্যানের অনুরোধ, ‘অপরাধটা গুরুতর হলেও ওরা কিন্তু খারাপ মানুষ নয়। ওদের কোচ হিসেবে ব্যাপারটা বুঝতে পারছি...ওরাও কষ্ট পাচ্ছে। ওদের এবং পরিবারের জন্যও খারাপ লাগছে। এটা মানবচরিত্রের একটা দিক। সবাই যেমন ভুল করে, ওরাও তা–ই করেছে, অতীতে আমিও ভুল করেছি। ওদের ভালো থাকাটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ।’