খ্যাপা যোগরাজ
বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর ছেলে যুবরাজ সিংয়ের। আর সেই রাগ কিনা বাবা যোগরাজ সিং ঝাড়লেন মহেন্দ্র সিং ধোনির ওপর! কেন? ধোনিই নাকি এখন ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা! তাঁর ইচ্ছেতেই বাদ গেছেন যুবরাজ—এমন দাবি যোগরাজের। ভারতীয় একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ধোনির ওপর সব ক্ষোভ উগরে দিয়ে যোগরাজ বললেন, ‘সে কিছুই ছিল না। সংবাদমাধ্যমের কারণে সে এখন ভারতীয় ক্রিকেটের ঈশ্বর হয়েছে। অথচ সেই সংবাদমাধ্যমের সঙ্গেও এখন সে রূঢ় আচরণ করে।’ শুধু তা-ই নয়, ভারত অধিনায়ককে অভিশাপও দিয়েছেন যোগরাজ, ‘সামনে এমন দিন আসবে, যেদিন ধোনির কাছে কোনো টাকাপয়সা থাকবে না। তাকে ভিক্ষা করতে হবে এবং কারও কাছ থেকে ও কোনো সাহায্য পাবে না।’ অবশ্য বাবার এসব মন্তব্যের পর টুইটারে অন্য সুর তুলেছেন যুবরাজ, ‘সংবাদমাধ্যমে যেসব কথাবার্তা এসেছে, সেগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি আগেও বলেছি, ধোনির সঙ্গে খেলতে আমার কোনো সমস্যা হয়নি।’ ডিএনএ ইন্ডিয়া।