গত ২০ বছরে মাত্র একবার!

লর্ডসে দারুণ জয়ে উড়তে থাকার পর ওল্ড ট্রাফোর্ডে অসহায় আত্মসমর্পণে মাটিতে নেমে আসা—এই হচ্ছে এখন পর্যন্ত ইংল্যান্ড সফরে পাকিস্তানের প্রতিচ্ছবি। দ্বিতীয় টেস্টে ৩৩০ রানে হারের পর পাকিস্তান দলকে বেশ কিছু ব্যাপার নিয়েই কাজ করতে হবে। তবে ওপেনিংটাই এখন তাদের সবচেয়ে মাথাব্যথা। প্রথম দুই টেস্টেই যে দুই ওপেনার ব্যর্থ হয়েছেন!
লর্ডসে জয় পেলেও পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ হাফিজ ও শান মাসুদ ব্যর্থ হয়েছিলেন। দুই ইনিংসে পাকিস্তানের ওপেনিং জুটি ছিল মাত্র ৩৮ ও ২ রানের। ওল্ড ট্রাফোর্ডে সেই গল্পই, এবার দুই ইনিংসে জুটি হয়েছে মাত্র ২৭ ও ৭ রানের। তবে পাকিস্তানের এই ওপেনিং সমস্যা নতুন কিছু নয়, বিশেষ করে ইংল্যান্ডে তো বটেই। একটু চমকেই যেতে পারেন শুনে, ১৯৯৬ সালের পর থেকে ইংল্যান্ডের মাঠে ওপেনিং জুটিতে ৫০ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।
সর্বশেষ ২০১০ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরেও প্রকট ছিল ওপেনিং সমস্যা। সেবার ইয়াসির হামিদ, ইমরান ফারহাত ও সালমান বাট—এই তিনজনই ওপেনিংয়ে নেমেছিলেন। ফারহাত খেলেছেন সব টেস্টেই, দুইটি করে টেস্ট খেলেছিলেন ইয়াসির ও সালমান। কিন্তু চার টেস্টে পাকিস্তানের ওপেনিং জুটি থেকে সর্বোচ্চ রান এসেছে ৪৮। দ্বিতীয় সর্বোচ্চ জুটিটি ছিল ১০ রানের। বাকি ছয়বারই দুই অঙ্ক ছোঁয়ার আগেই উদ্বোধনী জুটি ভেঙেছে।
২০০৬ সালের সফরে অনেক বেশি পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল ওপেনারদের নিয়ে। সালমান, তৌফিক ওমর, কামরান আকমল ও ইমরান ফারহাতকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হয়েছিল। কিন্তু চার টেস্টে ওপেনিংয়ে পাকিস্তানের সর্বোচ্চ জুটি ছিল ৩৫ রানের।
২০০১ সালে পাকিস্তান খেলেছিল দুই টেস্টে। সেখানেও দুইবার ভিন্ন ভিন্ন সঙ্গী পেয়েছিলেন সাঈদ আনোয়ার। ওল্ড ট্রাফোর্ডে আবদুল রাজ্জাককে পেয়েছিলেন, ট্রেন্টব্রিজে সেলিম এলাহিকে। সেবার ব্যর্থ ওপেনাররা, চার ইনিংসে মাত্র একবার ১০ রান পেরোতে পেরেছিল পাকিস্তানের ওপেনিং জুটি।
সর্বশেষ ১৯৯৬ সালেই ইংল্যান্ডের মাটিতে পাকিস্তান ওপেনারদের যা একটু সুখস্মৃতি। সেবার দুই ওপেনার সাঈদ আনোয়ার ও আমির সোহেল ওভালে করেছিলেন ১০৬ রান। এখনো ওই স্মৃতির জাবর কেটে বেড়াচ্ছে পাকিস্তান। ওই একটিই শতরানের জুটি। এরপর শতরান তো দূরের কথা, আর কোনো জুটিই গত ২০ বছরে ৫০ করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ জুটি করেছিল ৪৮ রান। সূত্র: এএফপি।