গতি কমানো–বাড়ানোর ফল পেলেন রউফ

রউফের গতি সাধারণত ব্যাটসম্যানদের ভীতির কারণ। যদিও শারজার মন্থর উইকেটে তিনি সাফল্য পেয়েছেন গতিবৈচিত্র্য দিয়ে। স্লোয়ার ছিল সমান কার্যকর।

নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বল করেন হারিস রউফছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডকে পেলেই কি জ্বলে ওঠেন হারিস রউফ?

পাকিস্তানের এই ফাস্ট বোলারের টি–টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং নিউজিল্যান্ডের বিপক্ষে। গত বছর অকল্যান্ডে ২২ রানে ৩ উইকেট নিয়েছিলেন রউফ। প্রতিপক্ষ না বদলালেও সেরা বোলিং ফিগারটা পাল্টে নিলেন ডানহাতি এই পেসার।

টি–টোয়েন্টি বিশ্বকাপে শারজায় সেই নিউজিল্যান্ডের বিপক্ষেই ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা রউফ।

রউফের গতি সাধারণত ব্যাটসম্যানদের ভীতির কারণ। যদিও শারজার মন্থর উইকেটে তিনি সাফল্য পেয়েছেন গতিবৈচিত্র্য দিয়ে। স্লোয়ার ছিল সমান কার্যকর।

ষষ্ঠ ওভারে মার্টিন গাপটিলকে ঘণ্টায় ১৪৮ কিলোমিটার গতির বলে বোল্ড করার পর কনওয়েকে তুলে নেন আরও কম গতির বলে। ১৮তম ওভারের প্রথম বলে তাঁকে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন ডেভন কনওয়ে।

ঠিক এক বল পরই স্লোয়ারে গ্লেন ফিলিপসকে তুলে নেন ২৭ বছর বয়সী এই পেসার। জোরে খেলতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে ফেলেন ফিলিপস।

স্লোয়ার ডেলিভারি রউফকে আরও একটি উইকেট এনে দিয়েছে নিউজিল্যান্ডের ইনিংসে শেষ বলে। মিচেল স্যান্টনারকে বোল্ড আউট করেন তিনি। ম্যাচে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতেও বল করেছেন রউফ।

মজার ব্যাপার, গত (২০১৬) টি–টোয়েন্টি বিশ্বকাপের সময়ও পেশাদার ক্রিকেটার ছিলেন না তিনি। বন্ধুর সঙ্গে গুজরানওয়ালায় ঘুরতে গিয়ে লাহোর কালান্দার্সের ট্রায়ালে অংশ নিয়ে টিকে যান। বিগ ব্যাশে মেলবোর্নের হয়ে ডেল স্টেইন চোট পাওয়ায় ডাক পান তিনি। এরপর থেকেই রউফ যেন অপ্রতিরোধ্য!