গতি নিয়েই ফিরলেন কামিন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকারের উল্লাস প্যাট কামিন্সের
শিকারের উল্লাস প্যাট কামিন্সের

দিনের শুরু থেকেই আগ্রহটা আকাশ ছুঁয়েছিল, চোটের কারণে ফিল্ডিংয়ে না নামা কোহলি কি নামতে পারবেন ব্যাটিংয়ে? আসলে চিন্তাটা মাথায় না এলেও চলত। বিরাট কোহলির তো নামারই দরকার হলো না! ১ উইকেটে ১২০ রান করে রাঁচি টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে ভারত। অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৩৩১ রানে পিছিয়ে স্বাগতিক দল।
টেস্ট অভিষেকেই ৭ উইকেট। আঠারো বছর বয়সী প্যাট কামিন্সের গতি একসময় স্বপ্ন দেখাত অস্ট্রেলিয়াকে। কিন্তু চোটের ছোবলে ছয় বছর আর টেস্টই খেলেননি এই ফাস্ট বোলার। অবশেষে কাল আবারও টেস্টে বোলিং করেছেন, যথারীতি গতির ঝড় তুলে আউট করেছেন বিপজ্জনক হয়ে ওঠা লোকেশ রাহুলকে।
দিনের শেষ ভাগের নায়ক কিন্তু ওই রাহুলই। অস্ট্রেলিয়ার ৪৫১ রানের চাপটা একদমই বুঝতে না দিয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ওপেনার। দারুণ সব শটে ৯ চারে সিরিজে চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন (৬৭)। উদ্বোধনী জুটির ৯১ রানের পর জুটি বাঁধেন মুরালি বিজয় (৪২*) ও চেতেশ্বর পূজারা (১০*)।
আর দিনের প্রথম ভাগটা স্টিভ স্মিথের। এত দিন ভারতে অস্ট্রেলীয় অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ ইনিংস ছিল মাইকেল ক্লার্কের (১৩০)। স্মিথ কাল প্রথম সেশনেই সেটা টপকে গেছেন। ৫ রানে শেষ ৩ উইকেট পড়ে যাওয়ায় ক্লাইভ লয়েডের পর প্রথম কোনো সফরকারী অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি করতে পারেননি স্মিথ। অপরাজিত ১৭৮ রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁকে। এর আগে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরির রেকর্ড হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের। স্টার স্পোর্টস।