‘গতিময়’ নির্বাচক কমিটি সাজাল ভারতীয় ক্রিকেট
ভারতীয় ক্রিকেটের নির্বাচক কমিটিতে এবার তাহলে গতি আসবে?
সংবাদমাধ্যম আগে জানিয়েছিল, বিসিসিআইয়ের প্রধান নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে সাবেক পেসার অজিত আগারকার। কিন্তু কাল তাঁকে হারতে হয় বিশ্বকাপের ইতিহাসে প্রথম হ্যাটট্রিককারী চেতন শর্মার কাছে। ’৮৭ বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া চেতন শর্মাকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআই।
মোট পাঁচ সদস্যের এই নির্বাচক কমিটিতে কাল আরও দুজনকে নিয়োগ দেওয়া হয়। আবে কুরুভিল্লা ও দেবাশীষ মোহান্তি নির্বাচক হিসেবে কাল নিয়োগ পেয়েছেন। এই তিনজন যোগ দেবেন সুনীল যোশী ও হরবিন্দর সিংয়ের সঙ্গে। মজার বিষয়, এই পাঁচ নির্বাচকের মধ্যে চারজনই সাবেক পেসার। বাংলাদেশ দলের সাবেক স্পিন কোচ হিসেবে কাজ করেছেন যোশী।
চেতন শর্মা, আবে কুরুভিল্লা ও দেবাশীষ মোহান্তিকে কাল নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি (সিএসি)। এ কমিটির প্রধান সাবেক পেসার মদন লাল। সিএসি ‘জ্যেষ্ঠতার ভিত্তিতে’ চেতন শর্মাকে নির্বাচক কমিটির প্রধান হওয়ার ‘সুপারিশ’ করেছে। ৪৩ বছর বয়সী আগারকার খেলেছেন ২৬ টেস্ট। জানুয়ারিতে ৫৫ বছরে পা দিতে যাওয়া চেতন শর্মা খেলেছেন ২৩ টেস্ট। এক বছর পর নতুন এই তিন নির্বাচকের পারফরম্যান্স মূল্যায়ন করবে সিএসি।
ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে চেতন বলেন, ‘ভারতীয় ক্রিকেটকে আরও একবার সেবা দেওয়ার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমি খুব কম কথার মানুষ। কাজই আমার হয়ে কথা বলবে।’ মোট ১১ জন প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার পর চেতন শর্মাকে নিয়োগ দেওয়া হয়েছে। প্রার্থীদের আবেদনের ন্যূনতম যোগ্যতা হিসেবে কমপক্ষে ৭টি টেস্ট ও ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ কিংবা ১০ ওয়ানডে ও ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। কমপক্ষে ৫ বছর আগে খেলা থেকে অবসর নিতে হবে এবং বয়স ৬০ বছরের নিচে থাকতে হবে।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে এই পাঁচ নির্বাচকের খেলার অভিজ্ঞতাও মন্দ না। ঘরোয়া ক্রিকেটে বেঙ্গলের হয়ে সৌরভ ও চেতন শর্মা খেলেছেন। হরবিন্দর সিং, কুরুভিল্লা ও মোহান্তি ১৯৯৭ সাহারা কাপে সৌরভের সঙ্গে খেলেছেন। সেই টুর্নামেন্টে টানা ৪ ম্যাচে ম্যাচসেরা হয়েছিলেন সৌরভ। যোশী ১৯৯৯ এলজি কাপে ৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন, সে ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন সৌরভ।