গতির খেলায় বোকা বনলেন লঙ্কান ব্যাটসম্যানরা

বোকা বনেই আউট ধনঞ্জয়া ডি সিলভাছবি: এএফপি

উইকেটে কিছুই নেই এই তথ্য নতুন না। পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিন উইকেট-শূন্য দিন পার করে বিষয়টি হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। মরা উইকেটে গতি, বাউন্স, আঁটসাঁট লাইন-লেংথ কিছুই কাজে দেয়নি। তবে আজ সকালে চিত্র বেশ ভিন্ন। দুই সেঞ্চুরিয়ান ফিরেছেন। শ্রীলঙ্কা এগিয়ে গেলেও ৩ উইকেট এরই মধ্যে পড়েছে তাদের।

অধিনায়ক দিমুথ করুনারত্ন আর ধনঞ্জয়া ডি সিলাভায় ভুগছিল বাংলাদেশ। ৩৪৫ রানের জুটি গড়েছেন এই দুই ব্যাটসম্যান। করুনারত্ন ২৩৪ আর ডি সিলাভা ১৫৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিজেদেরকে আরও বড় কিছুর দিকে নিয়ে যাচ্ছিলেন। ‘বড় কিছু’ বলতে দ্বিশতক কিংবা ত্রিশতকই। উইকেটের যে অবস্থা, তাতে সে ধরনের কিছু অসম্ভব ছিল না। কিন্তু বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দাঁড়ালেন বাঁধা হয়ে। ইনিংসের ১৫৪তম ওভারে তাঁর ভালো লেংথে লাফিয়ে ওঠা একটি বল খেলতে গিয়ে স্টাম্পে তা টেনে এনে বোল্ড হন ডি সিলভা।

পরের ওভারে এসেই করুনারত্নকে ফেরান ওই তাসকিনই। ব্যাক অফ দ্য লেংথের বলটি শ্রীলঙ্কান অধিনায়ককে গতিতে পরাস্ত করে। পুল করতে গিয়ে তিনি শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন। নাজমুল হোসেন সহজ ক্যাচটি নিতে ভুল করেননি। ৪৩৭ বল খেলে ২৪৪ রান করে মাঠ ছাড়েন করুনারত্নে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই করুনারত্নের সর্বোচ্চ স্কোর।

তাসকিন ভেঙেছেন বিশাল সেই জুটি।
ছবি: এএফপি

আজ সকালে তাসকিনের দুটি উইকেটই ছিল ক্রিকেটীয় ভাবনার ফল। উইকেট থেকে তেমন সাহায্য না থাকায় আজ সকাল থেকেই তাসকিন গতির বৈচিত্র্য কাজে লাগানোর চেষ্টা করেছেন। ধনঞ্জয়াকে ১৪১ কিলোমিটার বেগের বলে বোল্ড করার আগে তাসকিনের বলটি ছিল নাকল বল। করুনারত্নেকে গতিতে পরাস্ত করার আগের বলটিও ছিল স্লোয়ার। পরের বলে গতি দিয়ে চমকে দেন উইকেটে থিতু ব্যাটসম্যানকে। পাথুম নিশাঙ্কাকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচে আউট করেন ইবাদত হোসেন।

শ্রীলঙ্কা এর মধ্যে বাংলাদেশের প্রথম ইনিংস স্কোর ৫৪১ রান ছাড়িয়ে গেছে। ক্রিজে থাকা দুই নতুন ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কা ও নিরোশান ডিকভেলা লঙ্কান লিড বাড়ানোর লক্ষ্যে ব্যাট করছেন। বাংলাদেশ আছে উইকেটের খোঁজে। শ্রীলঙ্কাকে অল্প লিডে রেখে অল আউট করার চেষ্টা করবে মুমিনুল হকের দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার রান ৬ উইকেটে ৫৬০ রান।