গতি দিয়ে নজর কাড়লেন এই মুকিদুল

>বিপিএলে রংপুর রেঞ্জার্সের হয়ে নিজের প্রথম ম্যাচেই গতি দিয়ে নজর কাড়লেন মুকিদুল ইসলাম
ছেলেটি প্রথম দৃষ্টিতেই নজর কেড়ে নেয়। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতা। ১৯ বছর বয়সের কাঁচা কিন্তু বাড়ন্ত শরীর। চুলের ছাঁটে চলতি সময়ের প্রতিচ্ছবি। কিন্তু মুখ কিছুটা মলিন। নিজের দল রংপুর রেঞ্জার্স হেরেছে। হোক না বিপিএলে অভিষেক ম্যাচ, তবু সংবাদ সম্মেলন কক্ষে হাসিমুখ নিয়ে আসার কিছু নেই। মুকিদুল ইসলাম তাই মাথাটা নিচু করেই বসলেন। কিছুক্ষণ আগে মাঠে তাঁকে না দেখলে, কে বুঝবে ছেলেটার মধ্যে কিছু একটা আছে।
কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে হেরেছে রংপুর। মুকিদুলের বোলিং না দেখে শুধু এ ম্যাচে তাঁর পরিসংখ্যান দিয়ে আলাদা করে তেমন কিছু বোঝা যায় না। ৪ ওভারে ২৬ রানে ১ উইকেট। আহামরি এমন কিছুই না। কিন্তু তাঁর করা ৪ ওভারে ছিল আগুনের সঙ্গে চাতুরীর মিশ্রণ।
দেশের ঘরোয়া ক্রিকেটে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের আশপাশে বল করার মতো পেসার খুব বেশি নেই। উঠে আসার পথে থাকা তরুণদের মাঝেও এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। মুকিদুল এই পথেরই প্রথাগত পেসারদের মধ্যে খানিকটা ব্যতিক্রম। আজ সর্বোচ্চ গতি তুলেছেন ঘণ্টায় ১৩৮ কিলোমিটার। ধারাবাহিক ছিলেন ১৩৫ কিলোমিটারের আশপাশেও। এর মাঝে স্লোয়ারের চাতুরী তো ছিলই। একই ওভারে ১৩৬/১৩৭ কিমির আশপাশে ১০৯...১০৭...আবার ১৩৮ কিমিও তুলেছেন। গতির মিশ্রণটা বেশ ভালো ছিল বলেই জাতীয় দলে খেলা কুমিল্লার দুই ব্যাটসম্যান সৌম্য-সাব্বির থেকে বিদেশি ডেভিড মালান পর্যন্ত তাঁকে একটু দেখেই খেলেছেন।
কুমিল্লার ইনিংসে তৃতীয় ওভারে প্রথমবার বোলিংয়ে এসে মুকিদুল দিয়েছেন ৩ রান। তখন ব্যাট করছিলেন রুদ্রমূর্তির সৌম্য ও রাজাপক্ষে। এরপর অষ্টম ওভারে এসে সৌম্য-সাব্বিরকে দিলেন ৭ রান। ১২তম ওভারে এসে দিলেন ১১ রান। তখন কুমিল্লা একটু চাপে থাকায় মার খেলেও নিয়েছেন সৌম্যর উইকেট। সেটিও বুদ্ধিমত্তার সঙ্গে। পায়ের বল সৌম্য তুলে মারার চেষ্টা করছিলেন। মুকিদুল মাঝের স্টাম্পে বল রেখেছিলেন, ভাবনাটা ছিল হয়তো লেগে মারতে গিয়ে বল উঠবে মাথার ওপর। সেটাই ঘটল! নিজের শেষ ওভারে (ইনিংসের ১৬তম ওভার) দিয়েছেন ৫ রান। ওই ওভারের আগে কুমিল্লার দরকার ছিল ৩০ বলে ৫১। উইকেটে ছিলেন ম্যাচ জেতানো দুই ব্যাটসম্যান সাব্বির ও ডেভিড মালান।
প্রথম ম্যাচ বলেই মুকিদুলের মনে ভয় ছিল। বিপিএলের মতো বড় মঞ্চ, দেশি-বিদেশি পরিপক্ব সব ক্রিকেটারদের বিপক্ষে লড়াই, অভিষেকেই তাই লাগাম পরাতে হয়েছে গতিতে। খুব ধীর উচ্চারণে সে কথাই বললেন রংপুরের এ পেসার, ‘সত্যি বলতে স্পিডের দিকে আজ খুব একটা নজর দিইনি, প্রথমবার বলে লাইন লেংথ ঠিক রাখার চেষ্টা করছি। গতি বলতে, প্রথম ম্যাচ তাই ভয়ে ছিলাম বলে খুব বেশি দিতে পারিনি। পরেরবার হয়তো আরও বেশি দিতে পারব।’ তখনই প্রশ্ন উঠল, সর্বোচ্চ কত তুলেছেন— ‘আমার লাস্ট ১৪৩ ছিল’ জানালেন বিকেএসপির আঙিনা থেকে উঠে আসা মুকিদুল।
কাঁচা বয়সে প্রায় সবার স্বপ্নই থাকে আকাশছোঁয়া। মুকিদুল তেমন আকাশই ছুঁতে চান। সেটি কাউকে অনুসরণ না করে, নিজের সামর্থ্য ও চেষ্টায় ভরসা রেখে, ‘ফলো করা বলতে নিজে ভালো করার চেষ্টা করছি। তেমন কাউকে ফলো করছি না, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। লক্ষ্য হলো, সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই বিশ্বকাপেই নজর।’
অথচ এই বিপিএলের শুরুতে মুকিদুলের স্বপ্ন ভেঙে যেতে বসেছিল। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ মিলিয়ে মাত্র ৯ ম্যাচ খেলা এ পেসার শুরুতে ছিলেন ঢাকা প্লাটুনের সঙ্গে। বল করেছেন তাঁদের নেট সেশনে। কিন্তু ঢাকায় কপাল খোলেনি। তাঁকে না রেখে মোহাম্মদ শহীদকে দলে টানে প্লাটুন। শেষ পর্যন্ত রংপুরের টেকনিক্যাল উপদেষ্টা হাবিবুল বাশারের মাধ্যমে জায়গা পেয়ে যান উত্তরাঞ্চলের দলটিতে। সংবাদ সম্মেলনে নিজের প্রথম কথাতেই তা মনে করলেন মুকিদুল, ‘প্রথমে (দল) পাইনি, পরে হাবিবুল বাশার স্যার সুযোগটা দিয়েছেন। প্রথম ম্যাচ যেহেতু একটু নার্ভাস ছিলাম, সতীর্থরা অনেক সাহায্য করছে।’
মুকিদুলের ডাকনাম মুগ্ধ। রংপুরের এই ছেলে ক্রিকেট কতটা ভালোবাসেন সেটি বোঝা যায় পড়াশোনার পাশপাশি তাঁর খেলা চালিয়ে যাওয়ার নিষ্ঠার কথা জানলে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন জানিয়েছিলেন, ‘পরীক্ষার আগের দিনটা শুধু প্র্যাকটিস করি না। আবার পরীক্ষা শেষ করে এসে বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করি। কষ্ট হলেও আমি দুটিই উপভোগ করছি। কষ্টের ফল সব সময় ভালো হয়।’
এই কষ্ট করতে গিয়ে মুকিদুল চোটেও পড়েছেন। পেসাররা চোটে পড়লে ফিরে আসা কঠিন। হারানো ছন্দ ফিরিয়ে ঘুরে দাঁড়ানোও চ্যালেঞ্জের। এই অল্প বয়সে সেসব বন্ধুর পথ চেনা হয়ে গেছে মুকিদুলের, ‘ইনজুরিতে পড়লে একটা প্লেয়ার পিছিয়ে যায়। কামব্যাক করতে অনেক কষ্ট করতে হয়। ইনজুরিতে তো কেউ ইচ্ছে করে পড়ে না। হয়তো কোনো কারণে হতে পারে, তবে সবাই চায় ইনজুরিমুক্ত থাকতে।’
মুকিদুল যেন তাই থাকেন। দেশের ক্রিকেটে এমন পেসারদের আকালে মুকিদুল যেন আশার এক পশলা বৃষ্টি।