গতির ভয় জয় করার আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একবার সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে ফেরা মাহমুদউল্লাহর  l প্রথম আলো
আরও একবার সেঞ্চুরি না পাওয়ার হতাশা নিয়ে ফেরা মাহমুদউল্লাহর l প্রথম আলো

মাহমুদউল্লাহ বললেন মুখে হাসি ছড়িয়ে। কার্ল ল্যাঙ্গেভেল্ট একটু ম্লান ভঙ্গিতে। তবে কথা একই—দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম টেস্টটা ৬০ ভাগ ঝুঁকে আছে বাংলাদেশের দিকে, দক্ষিণ আফ্রিকার দিকে ৪০ ভাগ। পরে অবশ্য মাহমুদউল্লাহ বাংলাদেশের দিকে ৬৫–৩৫ করে দিলেন পাল্লাটা।
সিরিজের আগে দক্ষিণ আফ্রিকাকে নিয়ে সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল—স্টেইন-মরকেল-ফিল্যান্ডারদের গতির ঝড় কেমন সামলাতে পারবেন ব্যাটসম্যানরা? চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে এক কথায় এর উত্তর, ‘ভালোভাবেই’। চার শ উইকেটের মাইলফলক থেকে মাত্র চার উইকেট দূরে থাকা ডেল স্টেইন এই মুহূর্তে টেস্ট বোলিংয়ের র্যা ঙ্কিংয়ে সবার ওপরে। ভারনন ফিল্যান্ডার আছেন ৭ নম্বরে, মরনে মরকেল ৯। বাংলাদেশ দলের দৃষ্টিতে এই সম্মিলিত আক্রমণটাই এই মুহূর্তে বিশ্বসেরা। কিন্তু স্কোরকার্ডে সেই শ্রেষ্ঠত্বের ছায়া কই? ১৩ ওভার বোলিং করে একটিও উইকেট পাননি স্টেইন, দুই ওভার কম করে মরকেলও তা-ই। ফিল্যান্ডারের কপালে জুটেছে শুধু মাহমুদউল্লাহ। আজ তৃতীয় দিনটা যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে একটু এগিয়ে থেকেই শুরু করছে, তা আসলে দক্ষিণ আফ্রিকান গতিতারকাদের সামলানোরই সাফল্য।
তা যাদের গতির সামনে বড় বড় ব্যাটসম্যানরাও অসহায়, কীভাবে তাদেরই অমন উইকেট-ক্ষুধায় কাতর করে তুলল বাংলাদেশের ব্যাটসম্যানরা? সংবাদ সম্মেলন থেকে যাওয়ার পথে মাহমুদউল্লাহ আলাদা করে দিলেন এর উত্তর, ‘স্টেইনের বল যথেষ্ট সুইং করে। কিন্তু আমি যখন ব্যাটিং করছিলাম, শুরুর দিকে ছোটখাটো সুইং হলেও বড় সুইং হচ্ছিল না। স্টেইন আর মরকেল তাই ক্রস সিমে বল করার চেষ্টা করেছে। লেগ সাইডে বাউন্সার দিয়েও আমাকে আর তামিমকে আউট করার চেষ্টা করছিল। আমাদের চেষ্টা ছিল, ওরা যা-ই করুক, আমরা যেন আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি।’ কাজে লেগেছে চন্ডিকা হাথুরুসিংহের গ্রানাইটে বলের গতি বাড়িয়ে ব্যাটিং অনুশীলনের কৌশলটাও।
পেস সামলানোর পরীক্ষায় কাল পর্যন্ত ভালোভাবেই উত্তীর্ণ ব্যাটসম্যানরা। তবে প্রথম ইনিংসে লিড নিতে এখনো লাগবে ৭০ রান। টেস্টের গতি-প্রকৃতি তাই আজ প্রথম সেশনের ওপরই বেশি নির্ভর করছে বলে মনে হচ্ছে মাহমুদউল্লাহর। লম্বা ব্যাটিং অর্ডার আশাবাদীও করে তুলছে তাঁকে, ‘আমাদের ব্যাটিং অর্ডার এখন বেশ লম্বা। সুযোগটা এই ইনিংসেই কাজে লাগাতে হবে। সচরাচর এ রকম সুযোগ আমরা পাই না। কাল (আজ) প্রথম সেশনে যত কম উইকেট হারিয়ে ব্যাটিং করতে পারি, ততই ভালো।’
স্টেইন-মরকেলরা ভয় ধরাতে না পারলেও বাংলাদেশের স্কোরকার্ড দিন শেষে কেন আরও ঝলমলে নয়, সেটা একটা প্রশ্ন। মাহমুদউল্লাহর ব্যাখ্যা মানলে প্রথম দায় উইকেটের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটে কাল ব্যাটিংটা একটু কঠিনই মনে হচ্ছিল। কিন্তু এমন তো নয়, স্টেইন-মরকেলদের কথা ভাবতে ভাবতে অন্য বোলারদের নিয়ে পরিকল্পনার সুযোগটাই গিয়েছিল কমে! দুই অনিয়মিত বোলার এলগার ও ফন জিলকে তামিম ও ইমরুলের উইকেট দিয়ে আসাটাই জাগাচ্ছে এই প্রশ্ন। যদিও মাহমুদউল্লাহর কথা শুনে মনে হলো না দক্ষিণ আফ্রিকার কোনো বোলারই ‘সিলেবাসে’র বাইরে ছিলেন, ‘ওদের সম্ভাব্য সব বোলারের ভিডিও ফুটেজই আমরা দেখেছি। কে কোন জায়গায় ভালো বোলিং করে, সেগুলো নিয়ে আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে।’
মাহমুদউল্লাহর যা একটু অতৃপ্তি নিজের ইনিংস নিয়েই। কাল সময় যত গেছে, ততই স্বচ্ছন্দ লেগেছে তাঁকে। সর্বশেষ ১৪টি টেস্ট ইনিংসে ষষ্ঠ হাফ সেঞ্চুরিটিও পেলেন। কিন্তু সেটিতে মিশে থাকল দীর্ঘশ্বাস। টেস্টে একমাত্র সেঞ্চুরিটি পাঁচ বছরেরও আগের কথা। দ্বিতীয় সেঞ্চুরির জন্য অপেক্ষা যে আর শেষই হচ্ছে না। সে জন্য আফসোস ঝরল কণ্ঠে। হতাশা আছে বড় জুটি গড়তে না পারায়ও।
সময় যত গড়াবে, উইকেট ততই ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে বলে ধারণা মাহমুদউল্লাহর। এটা ব্যাটসম্যানদের মনে শঙ্কা তৈরি করলেও সুসংবাদ বাংলাদেশ দলের বোলারদের জন্য। উইকেটের বন্ধুতা পেলে প্রথম ইনিংসের মতো দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসটাও যে অল্পতেই থামিয়ে দেওয়ার আশা থাকে! মাহমুদউল্লাহ সে স্বপ্নই দেখাচ্ছেন সাকিব-মুস্তাফিজদের, ‘ওদের যে স্পিনারটা (হার্মার) আছে, সে মোটামুটি টার্ন পাচ্ছে। এটা আমাদের জন্য ইতিবাচক। উইকেটে কিছু ক্ষত তৈরি হচ্ছে।’
সবকিছুর আগে অবশ্য প্রয়োজন আজ আরও একটা ভালো শুরু। সাকিব-মুশফিক কি পারবেন সেটা এনে দিতে?