গদাতেই চোখ প্রোটিয়াদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ১-০-তে। সিরিজ নির্ধারিত হবে শেষ ম্যাচেই। আজ শুরু হওয়া কেপটাউন টেস্টের গুরুত্বটা তাই এমনিতেই বেশি ছিল। কিন্তু এটি এখন আর শুধু একটা সিরিজ নির্ধারণী ম্যাচই নয়, হয়ে গেছে টেস্ট-শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচও। যেখানে দক্ষিণ আফ্রিকার অদৃশ্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
প্রোটিয়াদের সমীকরণটা সরল—টেস্ট-শ্রেষ্ঠত্বের প্রতীক গদাটা ধরে রাখতে হলে এই ম্যাচে হারা চলবে না। তবে হেরে গেলে দক্ষিণ আফ্রিকানদের তাকিয়ে থাকতে হবে ৬ জানুয়ারি শুরু সিডনি টেস্টের ওপর। তাতে ভারতকে হারাতে পারলেই বিশ্বের এক নম্বর দল হয়ে যাবে অস্ট্রেলিয়া। হাতে পেয়ে যাবে গদাটা।
যার অর্থ আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আটঘাট বেঁধেই নামতে হচ্ছে দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় টেস্টের দক্ষিণ আফ্রিকা দল থেকে বাদ পড়তে পারেন লেগ স্পিনার ইমরান তাহির। তাঁর বদলে অভিষেক হয়ে যেতে পারে অফ স্পিনার সাইমন হার্মারের।
প্রথম টেস্টের বাজে হারের পর পোর্ট এলিজাবেথের বৃষ্টিবিঘ্নিত ড্র টেস্টে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের খেলায় ছিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত। সেঞ্চুরি পেয়েছিলেন ক্রেইগ ব্রাফেট ও মারলন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজ এখন তাকিয়ে আছে শিবনারায়ণ চন্দরপলের দিকেও। সিরিজের প্রথম তিন ইনিংসেই ব্যর্থ এই বাঁহাতি কেপটাউনে রানে ফিরবেন বলেই বিশ্বাস স্যামুয়েলসের, ‘সে প্রথম দুই ম্যাচে রান পায়নি তো কী হয়েছে, তৃতীয় টেস্টে তার দিকে নজর রাখুন।’
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক দিনেশ রামদিনেরও আশা, দ্বিতীয় টেস্টের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিতটা অনূদিত হবে পারফরম্যান্সে। তবে প্রত্যাশাটা পুরোপুরি পূরণ না হলেও রামদিনের সন্তুষ্টির আরেকটি জায়গা থাকবে, ‘আমরা বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে খেলছি। ওরা যা করছে তার সামান্য কিছুও যদি আমরা শিখতে পারি তবে আমরা র্যাঙ্কিংয়ে এগিয়েও যেতে পারি।’
দক্ষিণ আফ্রিকার কাছ থেকে কী কী শেখার আছে? ‘তাদের বোলারা তেমন একটা বাজে বল করে না। আমাদের বোলাররা অনেক বেশি বাজে বল করে। তাদের ব্যাটাররা খুব একটা সুযোগ দেওয়া না। আপনি তাদের সুযোগ দিতে পারেন না, কারণ তারা বড় সেঞ্চুরি করে ফেলবে। মাঝে মাঝে আমাদের ব্যাটাররা খুব বেশি হাত খুলে খেলে’—পাঠক্রমটা ভালোই জানেন রামদিন। এএফপি, ক্রিকইনফো।