গরমে বদলে যাবে রণকৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর একাডেমি মাঠে গা পুড়িয়ে দেওয়া গরমকেও যেন কাল পাত্তা দিতে রাজি ছিলেন না ক্রিকেটাররা। ঘেমে-নেয়ে একশা, তবু নিবিষ্ট মনে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের জন্য অনুশীলন চলতে থাকল। তবে আবহাওয়া নিয়ে কিন্তু ভাবতেই হচ্ছে। গ্রীষ্মের খরতাপ এখন ক্রিকেটারদের এক প্রতিপক্ষও।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, কাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা (দুপুর ১২টা থেকে ৩টা) ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি আগামী কদিনেও অপরিবর্তিত থাকে, খেলোয়াড়দের কঠিন পরীক্ষাই দিতে হবে। এমনিতে বাংলাদেশ দল ৫০ ওভারের ক্রিকেট খেলে না গত নভেম্বর থেকে। এই পাঁচ মাসে অনেক খেলোয়াড় খেলেছেন শুধুই টি-টোয়েন্টি। তিন ঘণ্টার এই ক্রিকেট বেশির ভাগ হয়েছে আবার সন্ধ্যায়। সুতরাং এই দাবদাহের মধ্যে মােঠ নামাটা খেলোয়াড়দের জন্য হতে পারে বিপজ্জনক। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের আশঙ্কা, ‘এই সময় খেলোয়াড়দের ক্র্যাম্প, পানিশূন্যতা দেখা যেতে পারে। খােদ্য বিষক্রিয়াজনিত সমস্যাও হতে পারে। পানিবাহিত রোগ হেপাটাইটিসে আক্রান্ত হওয়ার আশঙ্কাও আছে।’
আবহাওয়া নিয়ে কাল আবাহনীর অধিনায়ক তামিম ইকবালকে বেশ চিন্তিতই দেখাল, ‘এটা একটা বড় নিয়ামক হবে। এই আবহাওয়ায় অসুস্থ হওয়া স্বাভাবিক।’ এ কারণে দলের রণকৌশলে ঢুকে পড়েছে গরম। কলাবাগান ক্রীড়াচক্রের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বের করছেন গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার কিছু উপায়, ‘পেস বোলারদের একটু অসুবিধা হবে। এ ক্ষেত্রে ওভারের সংখ্যা কমিয়ে যেমন ৫ ওভারের স্পেল কমিয়ে ৩ বা ৪ ওভার করা যেতে পারে। অবশ্য সবকিছু নির্ভর করছে ম্যাচের পরিস্থিতির ওপর। ব্যাটসম্যানদের ক্র্যাম্প করার আশঙ্কা রয়েছে। ব্যাটসম্যানদের তাই আগের রাত থেকেই প্রস্তুতি নিতে হবে।’
জাতীয় দলে খেলার সময় সর্বোচ্চ সুযোগ-সুবিধাই পান খেলোয়াড়েরা। ঘরোয়া ক্রিকেটে সেটা আশা করা কঠিন। তামিমের কথা, ‘অনেক তরুণ খেলোয়াড় ঠিক জানে না, এই সময়ে আসলে কী করতে হবে। আমরা যারা জাতীয় দলে খেলি, অনেক সুবিধা পাই। এ পরিস্থিতিতে কী করতে হবে আমরা জানি। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমরা যদি সবার সঙ্গে কিছু বিষয় ভাগাভাগি করি, সেটা কাজে দেবে।’
নিজের অভিজ্ঞতা থেকে ফিজিও বায়েজিদও বাতলে দিলেন কিছু উপায়, ‘প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি খেতে হবে। আইসবাথ ও গোসলের পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে। পানি পানের বিরতিতে আইস-তোয়ালে নিয়ে যেতে হবে। চারপাশে তিন-তিন ছয়টা আইসবক্স থাকলে ভালো হয়। রিকভারির সব ব্যবস্থা নেওয়া জরুরি।’
খেলোয়াড়দের জন্য স্বস্তির কারণ হতে পারে লিগের সূচি। প্রতিটি ম্যাচের পর বেশ কদিন করে বিরতি পাচ্ছে সব দলই।