গর্বিত পিটার গাপটিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি নিজেও দারুণ ক্রিকেটপ্রেমী। কিন্তু ১৩ বছরের ছেলেটা যখন দুর্ঘটনায় বাঁ পায়ের তিনটি আঙুল হারাল, পিটার গাপটিল চেয়েছিলেন সে যেন ক্রিকেট বাদ দিয়ে অন্য কিছু বেছে নেয়। সেটা হয়নি। মার্টিন গাপটিল ক্রিকেটারই হয়েছেন এবং গর্বিত করেছেন তাঁর বাবাকে।
ওয়েলিংটনে পরশু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ২৩৭ রানের অসাধারণ ইনিংসটা মাঠে বসেই দেখেছেন পিটার গাপটিল। ছেলে ব্যাটিং করার সময় বাবা হিসেবে স্বভাবতই একটু নার্ভাস থাকেন পিটার। তবে ওয়েলিংটনে সেদিন তাঁর ছেলে খুব দ্রুতই কমিয়ে দিয়েছে বাবার স্নায়ুচাপ। পিটারের ভাষায়, ‘প্রথম দিকে একটু নার্ভাস ছিলাম আমি। কিন্তু সে যখন ৭০ রানের মতো করে ফেলল তখন সেটা কেটে গেল। পরে একেবারেই ফুরফুরে হয়ে খেলা দেখেছি।’
দেখেছেন, কিন্তু তখনো ভাবতে পারেননি তাঁর ছেলে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে যাবে। ক্রিস গেইলের ২১৫ রানের রেকর্ডটা পেরিয়ে যাওয়ার পর গ্যালারিতেই লাফিয়ে উঠেছিলেন পিটার। ওয়েস্ট প্যাকের ছাদের ওপরে ফেলা গাপটিলের বিশাল সেই ছক্কাটা দেখে তিনি কিন্তু অবাক হননি, ‘আমি বিস্মিত হইনি এত বিশাল ছক্কা দেখে। এর আগেও একবার সে ছক্কা মেরে মাঠের বাইরে বল পাঠিয়েছে।’
এদিন ছাদের ওপর ফেলা বলটা পরে খুঁজে বের করেছেন মাঠকর্মীরা। ম্যাচ শেষে সেটাই উপহার দেওয়া হয়েছে গাপটিলকে। এমন ইনিংসের একটা স্মারক না থাকলে কী চলে! নিউজিল্যান্ড হেরাল্ড।