গর্বের মুহূর্তে লিটনের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিটন কুমার দাস: কাল অনুশীলনে l এএফপি
লিটন কুমার দাস: কাল অনুশীলনে l এএফপি

গত ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফরের দল ঘোষণার সময় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন পরিষ্কার করে দিয়েছিলেন লিটন দাসের অন্তর্ভুক্তি বিকল্প উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে। অধিনায়ক, ব্যাটসম্যান ও উইকেটকিপার—তিন ভূমিকাতেই থাকবেন মুশফিক। কোনো কারণে উইকেটকিপিং করতে অসমর্থ হলেই তাঁর জায়গায় উইকেটের পেছনে দাঁড়াবেন লিটন দাস।

লিটন তখনো ভাবতে পারেননি, বাংলাদেশের হয়ে শততম টেস্ট খেলার সৌভাগ্য তাঁর হবে। গল টেস্টে বাংলাদেশের ৯৯তম টেস্ট খেলেছেন। পি সারায় কাল থেকে শুরু শততম টেস্ট খেলার সম্ভাবনা তাঁর শতকরা ৯৯ ভাগেরও বেশি। তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান কাল যখন পি সারা স্টেডিয়ামে কথা বলছিলেন, তাঁর মুখে একটা অনুভূতির ছটা দেখা গেল স্পষ্ট। তবে সেটি প্রকাশ করতে গিয়েও একটু যেন সাবধানী হলেন, ‘শততম টেস্ট বাংলাদেশ দলের জন্যই বড় কিছু। স্কোয়াডে আমি যেহেতু আছি, আমার জন্যও এটা হবে অনেক বড় ব্যাপার।’

দলের অন্দরমহলের যে খবর তাঁর কাছ থেকে পাওয়া গেল, তাতে মাঠে সবাই নিজেদের সেরাটা দিতে পারলে বাংলাদেশের জন্য হয়তো স্মরণীয় কিছু হতেই পারে, ‘আমাদের সবার যেমন কথা হচ্ছে, তাতে সবাই চাই, এই ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে। সবাই নিজেদের সেরাটা দিতে চাই।’

মুশফিকের উইকেটকিপিং নিয়ে প্রশ্ন উঠছিল চারদিক থেকেই। কিন্তু নিজে তিনি সেটি ছাড়তে চাননি। দল যখন শ্রীলঙ্কায় পৌঁছে গেছে, টিম ম্যানেজমেন্টের আহ্বানে উইকেটকিপিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মুশফিক। তখনই নিশ্চিত হলো, উইকেটের পেছনে গল টেস্টেই দেখা যাচ্ছে লিটনকে। এবার আর মুশফিকের চোটের কারণে নয়, সরাসরিই ঢুকে গেলেন মূল উইকেটকিপার হিসেবে।

তো অনেকটা নাটকীয়ভাবে গল টেস্টে মুশফিকের জুতোয় পা গলিয়ে একটু চাপ অনুভব করেননি? লিটনের আত্মবিশ্বাসী জবাব, ‘না, আমার কোনো চাপ ছিল না। এর আগেও তো আমি কিপিং করেছি।’

আগের স্মৃতিটাকে মিলিয়ে নিয়ে গল টেস্টে ভালো কিছু করেই পি সারায় পা দেওয়ার কথা ছিল লিটনদের। কিন্তু সেখানে দুর্দান্ত ব্যাটিং উইকেটেও দুঃখজনকভাবে পরাজয়ই হলো শেষ ফল। প্রায় দুই বছর পর প্রত্যাবর্তন টেস্টটি লিটনের কেমন গেল? উত্তর দিলেন, ‘যেমন চেয়েছিলাম, তেমন হয়নি। কিপিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো নয়।’

ভালো ব্যাটিং যে করেননি, মাঠের দর্শক সেটি দেখেছেন, টিভিতে যাঁরা চোখ রেখেছিলেন তাঁরাও। ৩৫ রান করার পর আউট হয়েছেন রঙ্গনা হেরাথের বাঁহাতি স্পিনে বাজে এক শট খেলে। অথচ মুশফিকের সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিটা আরও বড় হলে ও রকম হার হয়তো হয় না। এখনো তাই আক্ষেপ হচ্ছে লিটনের, ‘ওই শটটা ওভাবে খেলা ঠিক হয়নি আমার। আসলে প্রত্যেকেরই তো কিছু ঘাটতি থাকে, হয়ে যায় আর কী!’

লিটনের বিশ্বাস, দল আরেকটু প্রয়োগক্ষমতা দেখাতে পারলে প্রথম ইনিংসে পাঁচ শ রান হতো, দ্বিতীয় ইনিংসে ৩৫০ কি ৩৬০। তাহলে গল থেকে দুঃখ নিয়ে আসতে হয় না কলম্বোয়!

হ্যাঁ, উইকেটকিপিং ভালো করেছেন লিটন। দুটি ক্যাচ নিয়েছেন দ্বিতীয় ইনিংসে। মিরাজের বলে ডিকভেলার ক্যাচটি তো দ্বিতীয় স্লিপে ঝাঁপিয়ে পড়ে নেওয়া।

তবে লিটনের জানা থাকা উচিত, শুধু উইকেটকিপিং দিয়েই আধুনিক টেস্ট ক্রিকেটে টিকে থাকা যায় না। সাতে নেমেও দলে থাকতে হলে রানও করতে হবে, দলের বিপর্যয়ে হতে হবে সহায়। নাট্যমঞ্চের দুই উইংসে আরও কুশীলব থাকেন, একজনের অভিনয় শেষ হলেই উইংস থেকে উদয় হন আরেকজন। লিটনের জন্য উইংসে অপেক্ষমাণ নুরুল হাসান, নির্বাচকেরাই যাঁকে উইকেটকিপার হিসেবে মানেন শ্রেয়তর। লিটনকে ফিরিয়ে আনা তাঁর ব্যাটিং তুলনামূলক ভালো বলেই। তা প্রমাণের দায় তো এখন আছেই।

সুতরাং পি সারায় দেশের হয়ে শুধু শততম টেস্টই তো খেলবেন না লিটন, একটা পরীক্ষাও দেবেন।