গল টেস্টের ময়নাতদন্তে হাথুরু

আগের দিন বিনা উইকেটে ৬৭ রান। পরের দিন ১৯৭ রানে দল অলআউট। পঞ্চম দিনের প্রথম ৪৫ মিনিটে ৫ উইকেট নেই ৩৭ রানে। মোট ১৩০ রান উঠতেই দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। নিশ্চিত ড্রয়ের দিকে যেতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত কিনা ২৫৯ রানে হার!
এমন হারের জন্য বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংই আপাতদৃষ্টিতে কাঠগড়ায় ওঠে। তবে পি সারা ওভালে দাঁড়িয়ে বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে দায়ী করলেন প্রথম ইনিংসের ব্যাটিংকেই, ‘দারুণ শুরুটা আমরা ধরে রাখতে পারিনি। চমৎকার ব্যাটিং উইকেটেও তৃতীয় দিনের শুরুটা আমরা খুবই বাজে করেছি। এটি আমাদের জন্য দুশ্চিন্তার। এ রকম কেন হচ্ছে, সেটিই খেলোয়াড় ও কোচিং স্টাফদের খুঁজে বের করতে হবে।’
হাথুরুসিংহে পুরো গল টেস্টেরই ময়নাতদন্ত করেছেন আসলে। দেখা যাক সেই তদন্তে কী ধরা পড়ল তাঁর চোখে—
সাকিব-মুশফিকের উইকেট বিলিয়ে আসা
আমি বলব না তারা উইকেট বিলিয়ে এসেছে। কেউই উইকেট ছুড়ে আসে না। ব্যাপারটি আসলে পিচ থেকে স্পিন বুঝতে গিয়েই হয়েছে। বল বুঝতে হবে আসলে বোলারের হাতে থাকা অবস্থাতেই। ওরা অনেক বৈচিত্র্য নিয়ে বল করছিল। উল্টো বল করছিল, চায়নাম্যান দিচ্ছিল। আর ব্যাটসম্যানরা পিচ থেকে বল বুঝতে গিয়েই সমস্যায় পড়ে যায়। এতে হয় কী, প্রতিক্রিয়া জানানোর জন্য সময় পাওয়া যায় কম। আমাদের ব্যাটসম্যানদের স্বাভাবিক প্রবৃত্তিই হলো, যে তারা লেগ সাইডের বল থেকে রান করতে চায়। প্রয়োজনের সময় আমাদের বড় জুটি গড়া শিখতে হবে। এটি আমাদের খুব ভোগাচ্ছে।
বাংলাদেশের বোলিং
এক সাকিব বাদে আমাদের বোলিং ইউনিট তো অনভিজ্ঞ। অন্য চার বোলারের অভিজ্ঞতা সব মিলিয়ে ১৫ টেস্টের। আর সাকিবও সেই ২০১০ সালের সাকিব নেই। দেশের সহায়ক পরিবেশে ও ভালো করছে, কিন্তু দেশের বাইরে ভালো করতে পারছে না।
মিরাজকে নিয়ে বিশ্লেষণ
মিরাজকে নিয়ে একটু উদ্বেগ আছে। সে তো আর এখনই অশ্বিন হয়ে যায়নি। সে অনেক রান দিয়ে ফেলছে। ওকে প্রথম দিন ও চতুর্থ দিনের উইকেটের পার্থক্যটা বুঝতে হবে। সে খুবই আক্রমণাত্মক বোলার। আর ওটা যদি সে বাদ দেয়, ওই বোলিংটাই রং হারাবে। তবে ভালো বোলার, সব সময়ই উইকেট নিতে পারে।
প্রসঙ্গ তাইজুল
গল টেস্টে তাইজুলের অভাব একেবারেই অনুভব করিনি। ইদানীং সে কোকাবুরা ও এসজি বলে পুরোই ভিন্ন রকম বোলিং করছে। এখানে তো খেলা হচ্ছে এসজি বলে।
মোস্তাফিজের ফেরা
আমার মনে হয় সে নিউজিল্যান্ড সফরের তুলনায় অনেক ভালো বোলার এখন। গতিও ফিরে পেয়েছে। চতুর্থ দিনে সে সিমের ওপর বল ফেলার চেয়ে অনেক বেশি কাটার দিয়েছে। মোস্তাফিজ খুবই বিচক্ষণ ক্রিকেটার, এখানে কন্ডিশনের সঙ্গে সে মানিয়েও নিয়েছে।
এই সবকিছু সত্ত্বেও কি পি সারায় ঘুরে দাঁড়ানো সম্ভব? বাংলাদেশের কোচ এখানে চরম বাস্তববাদী, ‘এটা নির্ভর করে অনুশীলনে আপনি যা শিখলেন, তা প্রয়োগ করার ওপর। আমাদের ২০টি উইকেট তোলার পথ খুঁজে পেতে হবে। আমাদের বোলিং ইউনিট খুবই তরুণ। তারপরও আমরা টেস্টে তাদের কাছ থেকে অনেক কিছু দাবি করছি।’
হাথুরুসিংহে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এই টেস্টে পরিবর্তন অবশ্যম্ভাবী। তবে সেটি শুধু শততম টেস্টে ভালো কিছু অর্জনের লক্ষ্যেই নয়, এখানকার পরিবেশের কারণেও। গলের চেয়ে কলম্বোর পরিবেশ অবশ্যই ভিন্নতর।