গলে অশ্বিনের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি শিকারের উল্লাস অশ্বিনের। কাল গ​েল ৪৬ রানে ৬ উইকেট নিয়েছেন এই স্পিনার l এএফপি
আরেকটি শিকারের উল্লাস অশ্বিনের। কাল গ​েল ৪৬ রানে ৬ উইকেট নিয়েছেন এই স্পিনার l এএফপি

এ মাঠেই প্রায় আড়াই বছর আগে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৪ উইকেটে ৫৭০ রানের জবাবে ৬৩৮ করেছিল বাংলাদেশ। যেটি এখনো গলে দলীয় সর্বোচ্চ ইনিংসের রেকর্ড হয়ে আছে। আর এত পেছনে যেতে হবে কেন? সর্বশেষ সিরিজেই তো এ মাঠে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০০ রানের জবাবে পাকিস্তান ৪১৭ তুলেছে। যে গলের উইকেট ব্যাটিং-স্বর্গ হিসেবে পরিচিত, সেখানেই কিনা টেস্টের প্রথম সেশনেই এমন টার্ন আর বাউন্স!
রবিচন্দ্রন অশ্বিন আর অমিত মিশ্রর বল যেভাবে বাঁক খেল, যেকোনো উইকেটেই টেস্টের প্রথম সেশনে সেটি খুব বেশি দেখা যায় না। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরাও বুঝি সেই বিস্ময়ের ফাঁদেই পড়লেন! ৪৯.৪ ওভার স্থায়ী ইনিংসে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল স্কোরবোর্ডে তুলতে পেরেছে মাত্র ১৮৩ রান। প্রথমে ব্যাট করে ভারতের বিপক্ষে টেস্টে শ্রীলঙ্কার এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ১৯৯৪ সালে আহমেদাবাদ টেস্টে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়েছিল ১১৯ রানে।
ইশান্ত-বরুণ প্রাথমিক ধাক্কাটা দিয়েছিলেন শ্রীলঙ্কাকে। তবে মূল সর্বনাশটা করেছেন অশ্বিনই। কলম্বোতে পরের টেস্ট খেলেই বিদায়ের ঘোষণা দিয়ে রাখা কুমার সাঙ্গাকারাকে দিয়ে শুরু। সিলি পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরেছেন মাত্র ৫ রান করে। পরে অশ্বিন-বিষে নীল আরও পাঁচ শ্রীলঙ্কান ব্যাটসম্যান। সব মিলিয়ে ৪৬ রানে ৬ উইকেট, শ্রীলঙ্কার মাটিতে কোনো ভারতীয় বোলারের সেরা পারফরম্যান্স। এর আগে ২০০৮ সালে এই গলেই ১০২ রানে ৬ উইকেট নিয়েছিলেন হরভজন সিং। দেশের বাইরে এ নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। প্রথমবার ঠিক আগের টেস্টেই। বাংলাদেশের বিপক্ষে ফতুল্লায় (৫/৮৭)।
দুর্দান্ত বল করেছেন চার বছর পর দলে ফেরা মিশ্রও। পরপর দুই বলে চান্ডিমাল ও থারিন্ডু কৌশলকে ফিরিয়ে দিয়ে সম্ভাবনা জাগিয়েছিলেন হ্যাটট্রিকেরও। লাঞ্চের সময়ই শ্রীলঙ্কা ৫ উইকেটে ৬০ রানে কম্পমান। সেখান থেকে টেনে তোলার কিছুটা চেষ্টা করেছিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্ডিমাল। ষষ্ঠ উইকেটে ৭৯ রানের জুটিটিই শ্রীলঙ্কান ইনিংসে সর্বোচ্চ। ৯২ বলে ৬৪ রানের ইনিংস খেলে ম্যাথুস অবশ্য দেখিয়েছেন, একটু দেখে খেললে এই উইকেটে রান তোলা একেবারে অসম্ভব কিছু নয়। পরে ভারত ব্যাট করতে নামার পর যা আরও ভালো বোঝা গেছে। ২৮ রানেই ২ উইকেট হারালেও কোহলি আর শিখর ধাওয়ান দিন শেষে অবিচ্ছিন্ন থেকে ১০০ রানের জুটি গড়ে ফেলেছেন। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের সঙ্গে ব্যবধানও নেমে এসেছে ৫৫ রানে। ক্রিকইনফো।