গলে ঘাম ঝরাল বাংলাদেশ
যেন পটে আঁকা ছবি! একদিকে দাঁড়িয়ে ৪০০ বছরের পুরোনো একখানি দুর্গ। মাঠের দুই দিকে এসে আছড়ে পড়ছে ভারত মহাসাগরের ঢেউ। এলোমেলো হাওয়ায় মিলছে সমুদ্র-বিলাসের আবহ। গল—বাংলাদেশের জন্য এমনিতেই পয়া এক মাঠ। এই মাঠেই ২০১৩ সালে টেস্টে দলীয় সর্বোচ্চ রানের ইনিংস খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মুশফিকুর রহিম করেছিলেন ডাবল সেঞ্চুরি। আগামী মঙ্গলবার এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। আনন্দ-স্মৃতির এই মাঠে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত হচ্ছে দল। আজ সকালেই যেমন ঘাম ঝরাতে মাঠে নেমে পড়লেন মুশফিক-তামিম-মাহমুদউল্লাহ্রা। করে নিলেন ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং অনুশীলন।

লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ আগেই বলেছিলেন, ‘এখন পর্যন্ত শ্রীলঙ্কা সফরে আসা বাংলাদেশের সেরা দলটির বিপক্ষেই এবার মাঠে নামব আমরা।’ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, নিজেদের উন্নতি শ্রীলঙ্কার ক্রিকেটপ্রেমীদের সামনে তুলে ধরার সবচেয়ে বড় সুযোগ এই সফর। গলে আজকের অনুশীলনেও মুশফিকদের চেহারায় ধরা পড়ে ভালো করার প্রত্যয়ের ছাপ।