গলে বৃষ্টির দাপট, ফলোঅন এড়ানো প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজের
বৃষ্টিতে তৃতীয় দিনের প্রায় দুই সেশনই ভেসে গেছে বৃষ্টিতে। তবে গল টেস্টের নিয়ন্ত্রণ আছে স্বাগতিক শ্রীলঙ্কার হাতেই। আগের দিনের স্কোরের সঙ্গে আজ ১১১ রান যোগ করেছে ওয়েস্ট ইন্ডিজ, হারিয়েছে ৩ উইকেট।
প্রথম ইনিংসে তারা এখনো ১৬২ রানে পিছিয়ে। দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রাপ্তি—ফলোঅন এড়িয়েছে তারা।
অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় দিন শেষ করা জেসন হোল্ডার ও কাইল মেয়ার্স আজ সপ্তম উইকেট জুটিতে যোগ করেছেন আরও ৫০ রান। সকালে বেশ ভালো ব্যাটিংই করেছেন দুজন। দুজনের জুটি ভেঙেছে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের দুর্দান্ত এক ক্যাচে।
ধনাঞ্জয়া ডি সিলভার বলে কাভার দিয়ে খেলতে চেয়েছিলেন মেয়ার্স, শর্ট এক্সট্রা কাভারে ডান দিকে ঝাঁপিয়ে করুনারত্নে নিয়েছেন ক্যাচ। ৬২ বলে ৪৫ রানের ইনিংসে মেয়ার্স মেরেছেন ৮টি চার।
জেসন হোল্ডারও ফিরেছেন কিছুক্ষণ পর, সেটিও আরেকটি দুর্দান্ত ক্যাচে। এবার প্রবীণ জয়াবিক্রমাকে কাট করেছিলেন হোল্ডার, পয়েন্টে নিজের ডান দিকে ঝাঁপিয়ে ক্যাচ নিয়েছেন দুষ্মন্ত চামিরা। হোল্ডার করেছেন ৬০ বলে ৩৬, ৩টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছয়।
নবম উইকেটে জশুয়া ডা সিলভা ও রাকিম কর্নওয়াল যোগ করেছিলেন ৪৯ রান। ৮ উইকেটে ২১৫ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম সেশনে ৩৩ ওভারে ২ উইকেটই পেয়েছিল শ্রীলঙ্কা।
বিরতি থেকে ফেরার পর তবে দ্বিতীয় নতুন বল পাওয়ার ঠিক আগের বলে সুরঙ্গা লাকমলের শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তোলেন কর্নওয়াল। ৫৮ বলে ৫ চার ও ১ ছয়ে ৩৯ রান করেছেন কর্নওয়াল। ডা সিলভার সঙ্গে জুটিটা থেমেছে সেখানেই।
শেষ পর্যন্ত দিনের শেষ বল হয়ে থেকেছে কর্নওয়ালের ওই উইকেটই। দ্বিতীয় সেশনে হতে পেরেছে মাত্র ৫ ওভার। বৃষ্টি মাঝে কিছুক্ষণের জন্য থামলেও খেলা শুরু হতে পারেনি মাঠ অনুপযুক্ত থাকায়।
এরপর বৃষ্টির তোপও বেড়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে চারটার দিকে দিনের খেলার আনুষ্ঠানিক শেষ ঘোষণা করেন আম্পায়াররা। দিন শেষে ৭০ বলে ১১ রানে অপরাজিত আছেন ডা সিলভা।