
গল টেস্ট শুরুর আগে কুমার সাঙ্গাকারার কথাটা মনে আছে? খুব আত্মবিশ্বাসের সঙ্গেই বলেছিলেন, নতুনদের ওপর তাঁর পুরো আস্থা আছে। প্রথম দুই দিনের পর অবশ্য মনে হয়েছিল, সাঙ্গাকারা বড্ড বেশি আশাবাদী। তখন কে জানত, গলে নিজের শেষ টেস্টে তিনিই হাসতে পারবেন? ‘ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা’—বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া কথাটা কাল আবার ফিরে এল। ১৭৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ভারত অলআউট হয়ে গেছে ১১২ রানে। শ্রীলঙ্কার ৬৩ রানের জয়টাকে নাটকীয় বললেও যেন কম বলা হয়। অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের প্রতিক্রিয়াটাই বলে দিচ্ছে সব, ‘কী দারুণ প্রত্যাবর্তন! আমি ভাষা হারিয়ে ফেলেছি।’
পরশুর নায়ক যদি দিনেশ চান্ডিমাল হন, শেষ দিনটা অবশ্যই রঙ্গনা হেরাথের। প্রথম ইনিংসে ৬৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন। কাল প্রিয় মৃগয়াক্ষেত্রে হেরাথের বল হয়ে উঠল জটিল এক ধাঁধা। আগের দিন লোকেশ রাহুলকে আউট করার পর কাল হেরাথের শিকার হয়েছেন আরও ছয়জন। টার্ন, বাউন্স তো ছিলই, নিজের সবচেয়ে বড় অস্ত্র যেটি, জায়গামতো বল করে গেছেন অবিরত। লাঞ্চের আগে পরে ১৮ ওভারের স্পেলে মাত্র দুটি হাফ ভলি ও একটি শর্ট বলেই বুঝিয়েছেন হেরাথ কতটা নিখুঁত ছিলেন!
শুরুটা ছিল ইশান্ত শর্মাকে দিয়ে। দিনের প্রথম বলেই হেরাথের শিকার হয়ে ফিরে গেছেন নৈশপ্রহরী। দুর্দান্ত এক ডেলিভারি পড়তে না পেরে বোল্ড হয়ে গেছেন রোহিত শর্মা, বলের ফ্লাইটে বিভ্রান্ত ঋদ্ধিমান সাহা ফিরে গেছেন স্টাম্পড হয়ে। পরে হরভজনও ক্যাচ দিয়েছেন, খোলস থেকে বেরিয়ে ক্রিজ ছেড়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন অশ্বিন।
ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যে শুধু ব্যতিক্রম হয়ে ছিলেন অজিঙ্কা রাহানেই। একপ্রান্ত আগলে ছিলেন, নবম উইকেটে অমিত মিশ্রই যা একটু সঙ্গ দিয়েছেন। অবিশ্বাস্যই বটে, মিশ্রর সঙ্গে তাঁর ২১ রানের জুটিটাই ভারতীয় ইনিংসের সর্বোচ্চ। ৩৬ রান করা রাহানেকে আউট করেছেন ওই হেরাথই। ৭ উইকেট নিয়ে অবশ্য ম্যাচসেরার পুরস্কার পাননি, সেটি পেয়েছেন দুই ইনিংস মিলে ২২১ রান করা চান্ডিমাল।
হেরাথকে অবশ্য একলা চলতে হয়নি, যোগ্য সংগত দিয়েছেন থারিন্ডু কৌশল। কোহলি ও ধাওয়ানের মহাগুরুত্বপূর্ণ উইকেট দুটি তুলে নিয়েছেন এই অফ স্পিনার। পরে মিশ্রকে আউট করে গুটিয়ে দিয়েছেন ভারতকে।
এরপরই বাঁধভাঙা উদ্যাপন। একে অন্যের পিঠ চাপড়ে দিচ্ছেন, তবে টিভি ক্যামেরা বারবার খুঁজে নিচ্ছিল সাঙ্গাকারাকে। শ্রীলঙ্কার বিদায়ী ব্যাটসম্যানও একটু বেশিই যেন আবেগপ্রবণ হয়ে পড়লেন। ছুটে গিয়ে আলিঙ্গন করলেন জয়ের দুই নায়ক চান্ডিমাল ও হেরাথকে। ধাম্মিকা প্রসাদ ও চান্ডিমাল এসে কাঁধে নিতে চাইলে মৃদু আপত্তিও করলেন। কিন্তু সেটা ধোপে টিকবে কেন? সতীর্থদের কাঁধে তাই গলের মাঠটা প্রদক্ষিণ করলেন শেষবারের মতো। প্রিয় মাঠে এর চেয়ে ভালো সংবর্ধনা আর পেতে পারতেন না সাঙ্গাকারা! তথ্যসূত্র: ইএসপিএন, টেন ক্রিকেট।