গলে শুভাশিস-চমক!

টস হয়ে যাওয়ার পর ঘোষক বলতে লাগলেন বাংলাদেশ একাদশের নামগুলো। প্রথম ১০টি নাম এতটাই অনুমিত ছিল যে তা নিয়ে কৌতূহলই ছিল না কারোর। মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান। শেষ নামটি কার হবে? তাইজুল ইসলাম না অন্য কেউ—প্রেসবক্সে বাংলাদেশি সাংবাদিক গোষ্ঠীর মধ্যে উসখুস। ঘোষকের কণ্ঠে ভেসে এল—শুভাশিস রায়।
বাংলাদেশ দল চমক দিতে ভালোবাসে। কখনো কখনো দলটি বড় রহস্যপ্রিয়ও। সেটিরই ধারাবাহিকতায় দলে তৃতীয় পেসার হিসেবে গল টেস্টে ঢুকে গেলেন শুভাশিস রায়। শ্রীলঙ্কান সাংবাদিকদের মধ্যেও দেখা গেল এ নিয়ে একটু বিস্ময়কর অনুভূতি। শ্রীলঙ্কা যেখানে তিন স্পিনার নিয়ে খেলছে, বাংলাদেশ তিন পেসার!
আগের দিন সংবাদ সম্মেলনে মুশফিক বলেছিলেন, উইকেট দেখে মনে হচ্ছে এটি পেসারদের দিকে হাত বাড়িয়ে দিতে পারে। আবার এ-ও বলেছিলেন, তিন দিন পরই উইকেট ভাঙতে থাকবে, তখন সময় আসবে স্পিনারদের। তাহলে বাংলাদেশের অধিনায়ক ধরে নিয়েছেন, এখানে একজন বাড়তি পেসারকে খেলালেই ভালো হবে! অবশ্য এটাও ঠিক, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দুই শ্রীলঙ্কানের বড় ভূমিকা আছে। নাম দুটি অনুমান করতে পারছেন—কোচ চন্ডিকা হাথুরুসিংহে এবং ব্যাটিং পরামর্শক থিলান সামারাবীরা। এই দুজনের কাছে গলের পিচ হাতের তালুর মতো চেনা। নিশ্চয়ই তাঁদের অনুসন্ধানী চোখে এমন কিছুই ধরা পড়েছে।
তবু সমালোচনা কিন্তু পিছু ছাড়ল না। কিন্তু শুভাশিস প্রথম বদলি বোলার হিসেবে বল হাতে নিয়েই সমালোচকদের কথা গিলতে বাধ্য করলেন। চতুর্থ বলেই উপড়ে দিলেন ওপেনার উপুল থারাঙ্গার অফ স্টাম্প। তাসকিন আর মোস্তাফিজের চেয়ে অনেক বেশি উজ্জ্বল দেখাল তাঁকে। বেশ জোরের ওপর বল স্কিড করাচ্ছিলেন, তাতেই সাফল্য। একটু বেশি গতির বলটি ভেতরে ঢুকে ভেঙে দিল থারাঙ্গার সব প্রতিরোধ। উইকেট পেয়ে গিয়েছিলেন পরের বলেও। নতুন ব্যাটসম্যান কুশল মেন্ডিসের ব্যাটের ভেতরের কানায় লেগে বল আশ্রয় নেয় উইকেটকিপার লিটন দাসের হাতে। আম্পায়ার আলিম দার তুলে দিলেন আঙুল। এরপরই সেই অ্যান্টি ক্লাইম্যাক্স। পরীক্ষা করে দেখা হলো নো-বল কি না। টিভি রিপ্লে জানাল, ওভার স্টেপিং করেছিলেন শুভাশিস! শূন্য রানে জীবন ফিরে পেয়ে সেই মেন্ডিস দিন শেষে অপরাজিত ১৬৬ রানে। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না!
তবে এই সমালোচনা কিংবা উপেক্ষা কিন্তু প্রাপ্য ছিল না শুভাশিসের। নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে বেশ উজ্জ্বল অভিষেক। উইকেট পেয়েছিলেন ৩টি। কিন্তু পরের টেস্টেই তাঁকে বসে থাকতে হলো রুবেলকে একাদশে জায়গা করে দিতে। অথচ ওই টেস্টে কোনো উইকেটই পেলেন না রুবেল। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টেও খেলা হয়নি। দুই টেস্ট পর মাত্রই দ্বিতীয় টেস্টে নেমে বল হাতে প্রথম ওভারেই নায়ক!
শুভাশিস ভালো করেছেন, প্রথম দিকের নিষ্প্রভতা ঘুচিয়ে শেষ দিকে ভালো করেছেন তাঁর আর দুই পেসসঙ্গী তাসকিন ও মোস্তাফিজও। তিনজনের নামের পাশেই একটি করে উইকেট। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, বাংলাদেশ কি একজন বাড়তি স্পিনার, মানে তাইজুলকে খেলালেই ভালো করত? মুশফিকদের যে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে এই উইকেটে।
গলের উইকেট দেখে বিশ্বাস নেই। এটির মধ্যে একটা ছলনার জাল লুকোনো থাকে। প্রথম দিকে যদি পেসারদের দিকে হাত বাড়িয়েও থাকে, কে বলতে পারে, দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন থেকেই সেখানে বল ঘুরতে শুরু করবে না? বাংলাদেশ তিন পেসার নিয়ে ঠিক করেছে কি ঠিক করেনি, তা নিয়ে ভাবতে বয়েই গেছে শ্রীলঙ্কার ব্যাটিং-নায়ক কুশল মেন্ডিসের। এমন প্রশ্ন উঠতে সিংহলা ভাষায় বললেন, ‘যেকোনো দল সাধারণত পাঁচ বোলার নিয়ে খেলে। তো বাংলাদেশ তিন পেসারের সঙ্গে দুজন স্পিনার নিয়েছে। এটা তাদের ব্যাপার।’ কী বোঝা গেল তাঁর কথায়?
ঐতিহ্যগতভাবেই এটি স্পিনারদের উইকেট। শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন এখানে খেলা তাঁর ১৫ টেস্টেই তুলে নিয়েছেন ১১১ উইকেট। মুরালি-যুগ নেই ঠিকই, তাঁর যোগ্য উত্তরসূরি এখনো রয়ে গেছেন। রঙ্গনা হেরাথের এই মাঠে ৮৪ উইকেট।
শুভাশিস তাঁর প্রতি টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিয়েছেন। আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন মোস্তাফিজ ও তাসকিনও। তারপরও মনে হচ্ছে, টেস্টের বাকি চার দিনে অনেক আশিস দরকার হবে তাঁদের।