
টেস্ট অধিনায়ক হওয়ার পর এই শ্রীলঙ্কাতেই ছিল তাঁর প্রথম পূর্ণাঙ্গ সিরিজ। ২০১৫ সালের সেই সিরিজ কোহলি স্মরণীয় করে রেখেছিলেন ২-১ ব্যবধানে জিতে। রবি শাস্ত্রী অবশ্য তখন কোচ ছিলেন না, ছিলেন টিম পরিচালকের ভূমিকায়। সেই শ্রীলঙ্কায় আবার ফিরছেন কোহলি, অধিনায়ক হিসেবে আরও পরিণত হয়ে। ফিরছেন শাস্ত্রীও। পরিচালক নয়, এবার একেবারে কোচ হয়েই। এই সফর কোহলি-শাস্ত্রীকে শিহরিত না করে পারে!
শিহরণের পাশাপাশি কোহলির কপালে দুশ্চিন্তার ভাঁজও কি দেখা যাচ্ছে? সেবারের মতো এবারও সিরিজ শুরু হচ্ছে গল টেস্ট দিয়ে। ভারতের জন্য ভেন্যুটি একদমই পয়া নয়। এখানে খেলা চার টেস্টের তিনটিতেই হেরেছে তারা। বছর সাতেক আগে মুত্তিয়া মুরালিধরনের শেষ টেস্টে এই গলেই ১০ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল। আর ২০১৫ সালে ১৭৬ রান তাড়া করতে গিয়ে চতুর্থ দিনে ১১২ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের ইনিংস।
ভারত সেবার হেরে গিয়েছিল আসলে রঙ্গনা হেরাথের কাছে। দ্বিতীয় ইনিংসে ৪৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। নিয়মিত অধিনায়ক দিনেশ চান্ডিমাল নেই, হেরাথই এবারের গল টেস্টের অধিনায়ক। গলের ‘ফাঁড়া’ কাটাতে হেরাথের ঘূর্ণি সামলানোর কাজটা ঠিকঠাক করতে হবে ভারতকে। শুধু সামলানোই নয়, টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দলের ‘আসল চেহারা’ শ্রীলঙ্কাকে দেখানোর হুমকিও দিয়ে রাখলেন কোহলি, ‘র্যাঙ্কিংয়ে সবার ওপরে উঠতে যে ধারাবাহিক পারফরম্যান্স করে এসেছি, সেটা এখানেও ধরে রাখতে চাই।’
ভারতের জন্য ভেন্যুটি অপয়া হলেও অশ্বিনের জন্য কিন্তু পয়া। মাঝে বছর দুয়েক টেস্টে খারাপ সময় গেছে তাঁর। ২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৫-এর জানুয়ারি—এই সময়ে ১১ ইনিংসে উইকেট মাত্র ২০টি। কিন্তু এই গলেই আবার ফিরে পেয়েছিলেন স্বরূপ। ২০১৫ সালে হেরে যাওয়া সেই টেস্টে পেয়েছিলেন ১০ উইকেট। নিজের ৫০তম টেস্টের সামনে দাঁড়িয়ে থাকা অশ্বিন আবার গলে ফিরে রোমাঞ্চিত, ‘দুই বছর পর আবার গলে খেলব। এটি ছিল আমার প্রত্যাবর্তনের মঞ্চ। আর এখানেই ক্যারিয়ারের ৫০তম টেস্টটি খেলব।’
কোচ শাস্ত্রীও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কিন্তু শ্রীলঙ্কাকে সমীহও করছেন, ‘ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হালকাভাবে নেওয়া যাবে না। অন্য যেকোনো দলের মতোই ঘরের মাঠে তাদের রেকর্ড ভালো। আমরা শুধু এই সিরিজে উন্নতি করতে চাই।’
শাস্ত্রী শ্রীলঙ্কাকে যেভাবেই দেখুন না কেন, নানা ঘটনায় তারা আসলেই এখন একটু দুর্বল হয়ে গেছে। গত মাসে কোচ গ্রাহাম ফোর্ড নিজের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হারার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তাঁর জায়গায় নেতৃত্ব পাওয়া দিনেশ চান্ডিমাল নিউমোনিয়ায় আক্রান্ত। লঙ্কানদের খুব একটা আশা দেখাতে পারছেন না অন্তর্বর্তী কোচ নিক পোথাসও, ‘বিরাট (কোহলি) কয়েক বছর আগে ভারত দলের একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার কথা বলছিল। আমরা এখন সেই পরিস্থিতিতে আছি। একটি দল গড়ার চেষ্টা করছি।’ এএফপি, ক্রিকইনফো।
টেস্টে ভারত-শ্রীলঙ্কা
ম্যাচ ভারত শ্রীলঙ্কা ড্র
মোট ৩৮ ১৬ ৭ ১৫
শ্রীলঙ্কায় ২১ ৬ ৭ ৮
গলে ৪ ১ ৩ ০
বাধার নাম হেরাথ?
২০১২ সাল থেকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বোলারদের পাওয়া মোট উইকেটের ৪১ শতাংশই রঙ্গনা হেরাথের। এই সময়ে ২০ বার ইনিংসে ৫ উইকেট আর সাতবার ম্যাচে ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার
এই সময়ে ঘরের মাঠে শ্রীলঙ্কার জেতা ম্যাচগুলোতে ৭১ শতাংশ উইকেটই নিয়েছেন হেরাথ।
ভারতের বিপক্ষে অবশ্য অতটা সফল নন। ৭ টেস্টে ৪১.৬২ গড়ে ২৭ উইকেট।
কোহলির নেতৃত্বে ভারত
গত এক বছরে ১৭ টেস্টের ১২টিতেই জয়। এই সময়ে ভারত খেলেছে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে।