
প্রথম দিনের পুরোটাই খেয়ে নিয়েছিল বৃষ্টি। হতে পারেনি টসই। গল টেস্ট তাই আনুষ্ঠানিকভাবেই চার দিনের ম্যাচ। সেই চার দিনের টেস্টের দ্বিতীয় দিন শেষে ফলোঅনের শঙ্কায় পাকিস্তান। ৫ উইকেটে ১১৮ রান নিয়ে দিন শেষ করা পাকিস্তানকে ফলোঅন এড়াতে করতে হবে আরও ৩৩ রান। চার দিনে রূপান্তরিত টেস্ট বলেই শ্রীলঙ্কার ৩০০ রানের জবাবে ফলোঅন এড়াতে পাকিস্তানকে করতে হবে ১৫১ রান।
কাল দিনের শুরুটা অবশ্য ভালো ছিল পাকিস্তানের। ৩ উইকেটে ১৭৮ রান নিয়ে শুরু করা শ্রীলঙ্কার প্রথম ইনিংস আর ১২২ রানের মধ্যেই গুটিয়ে দেয় তারা। ওপেনার কৌশল সিলভা এক প্রান্ত ধরে না রাখলে রানটা তিন শও হয় না। নবম ব্যাটসম্যান হিসেবে ড্রেসিংরুমে ফেরা সিলভা ঠিক ৩০০ বল খেলে করেছেন ১২৫ রান।
শ্রীলঙ্কা অলআউট লাঞ্চ ও চা-বিরতির ঠিক মাঝামাঝি সময়ে। এরপর লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ মাত্র ১০ বলের মধ্যেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার প্রাথমিক কাজটা সেরে ফেলেন। প্রথম ওভারের শেষ বলে মোহাম্মদ হাফিজকে স্লিপে করুনারত্নের ক্যাচ বানানোর পর তৃতীয় ওভারের চতুর্থ বলে শেহজাদকে ফেলেন এলবিডব্লুর ফাঁদে। ১১ রানে ২ উইকেট থেকে রান ৩৫ হতেই আউট আজহার আলী। ঘাতক এবার বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। চতুর্থ উইকেটে ৫১ রান যোগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অভিজ্ঞ ইউনিস খান ও মিসবাহ-উল-হক ফিরেছেন ১০ রানের ব্যবধানে। পাকিস্তান এখন তাকিয়ে অপরাজিত দুই ব্যাটসম্যান আসাদ শফিক ও সরফরাজ আহমেদের দিকেই। বৃষ্টিতে ৮ ওভার আগেই দিনের খেলা শেষ হওয়ার আগে ষষ্ঠ উইকেটে ২২ রান যোগ করেছেন এই দুজন। ক্রিকইনফো।