গলের মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

সব সময় ওরাই মেরে যাবে? আমরা কিছু করব না! ২০১৩-এর শ্রীলঙ্কা সফরের আগে থেকেই মনে মনে এ রকম একটা প্রতিশোধস্পৃহা ছিল। এবার যদি লঙ্কানদের একটা পাল্টা জবাব দেওয়া যায়! সেটা ঠিক কীভাবে, তা জানতেন না মুশফিকুর রহিম নিজেও। সুযোগটা এল গলে। তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন তাঁর ডাবল সেঞ্চুরির ইনিংস নিয়ে অনেক না-বলা কথা—

মুশফিকুর রহিম
মুশফিকুর রহিম

 ২০১৩ সালের গল টেস্টে আপনার অনেক সুখস্মৃতি। ডাবল সেঞ্চুরি করলেন, দল ম্যাচ ড্র করেছে। এবার সেখানেই প্রথম টেস্ট। তিন বছর আগের স্মৃতি নিশ্চয়ই অনেক সাহস জোগাবে...
মুশফিক: যেটা বললেন...খুবই ভালো একটা স্মৃতি। তখন শ্রীলঙ্কা দল অনেক শক্তিশালী ছিল। সাঙ্গাকারা ছিল, অজন্তা মেন্ডিস, দিলশান—নিয়মিত খেলোয়াড়দের সবাই ছিল। তাদের বিপক্ষে টেস্ট ড্র করতে পারাটা অবশ্যই অনেক বড় অর্জন, বিশেষ করে আমার জন্য। বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এর আগে ডাবল সেঞ্চুরি করেনি। এটা একটা মাইলফলক। আল্লাহর রহমতে আমার হাত দিয়ে অন্তত শুরুটা হয়েছে। এরপর তামিম, সাকিব করল। আমার মনে হয় সেই আত্মবিশ্বাস একটু হলেও থাকবে এবার। সেবার গলে তামিম, সাকিব খেলেনি। তারাও এবার থাকবে। আমি তো মুখিয়ে আছি মোস্তাফিজ, সাকিব, মিরাজ একসঙ্গে বল করলে কী হয়, তা দেখার জন্য। তাইজুলও গত সিরিজে অনেক ভালো বল করেছে। এবার তাই আমাদের আশা ভালো কিছু করার। সেটার শুরু গল টেস্ট দিয়ে হলে খারাপ হবে না।
 সেবার তৃতীয় দিন শেষে আপনি ১৫২ রানে অপরাজিত ছিলেন। মোহাম্মদ আশরাফুল ছিলেন ১৮৯ রানে। পরদিন কী চিন্তা নিয়ে উইকেটে গিয়েছিলেন আপনারা?
মুশফিক: সত্যি বলতে কি আমি আসলে দুই শ করা নিয়ে তেমন কোনো চিন্তাই করিনি। আগের রাতে আমি, আশরাফুল ভাই এবং আরও দু-একজন একসঙ্গে ডিনার করছিলাম। আমি তখন আশরাফুল ভাইকে বলেছিলাম, কাল সকালে গিয়ে আপনি আগে দুই শ করবেন। আমি থাকতে পারলে আমারও দুই শ হবে। এরপর আপনি আড়াই শ রানের চেষ্টা করবেন। আমিও আস্তে আস্তে এগোব—এ রকমই পরিকল্পনা ছিল। অন্য কিছু হবে মনেই হয়নি।
 এতটা আত্মবিশ্বাসী কীভাবে ছিলেন?
মুশফিক: উইকেট খুব ভালো ছিল। আমাদের চিন্তা ছিল আমরা যদি কোনো ভুল না করি, বাজে শট না খেলি; যতই ওদের বিশ্বমানের বোলার থাকুক, আমাদের সমস্যায় ফেলতে পারবে না। কারণ উইকেট থেকে তারা এমন কোনো সুবিধা পাচ্ছে না। আশরাফুল ভাই আমাকে অনেক সমর্থন দিয়েছেন, সে জন্য আমি দুই শ করতে পেরেছি। দুর্ভাগ্যজনকভাবে উনি করতে পারেননি। ওনার জন্য অনেক খারাপ লেগেছে। ছোট ক্যারিয়ারে ওনার সঙ্গে যত দিন খেলেছি, ও রকম নিখুঁত ইনিংস আসলে দেখিনি। আমার চেয়ে আশরাফুল ভাইয়েরই বেশি পাওনা ছিল ডাবল সেঞ্চুরিটা।
 প্রথম ডাবল সেঞ্চুরির ইনিংস নিয়ে আর কোনো স্মৃতি কি মনে পড়ে এখন?
মুশফিক: ঠিক ওই ইনিংস নিয়ে নয়, তবে সিরিজের আগে একটা জিনিস মাথায় খেলছিল। আমাদের সিরিজের দুই কি তিন মাস আগে হবে। ভারতে খেলতে এসেছিল অস্ট্রেলিয়া দল। সে সিরিজে ধোনি ২২৪ রানের একটা ইনিংস খেলল। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ওটা মনে হয় রেকর্ড ছিল। আমার মাথায় তখনই আসে, উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে এত নিচে নেমেও কেউ যদি এ রকম একটা রান করতে পারে, তার মানে তো সম্ভব! করা যায় না, এটা ঠিক না। কেউ একটু সমর্থন করলে হতে পারে। এ রকম একটা কল্পনা ছিল ভেতরে-ভেতরে। তার আগে কখনো ভাবিওনি আমি দুই শ করতে পারি বা করব। ধোনির ইনিংস দেখেই প্রথম মনে হয়েছিল এটা হতে পারে। গলে তৃতীয় দিন শেষে ১৫২ করার পর মনে হলো, দুই শ করতে পারলে রেকর্ডটা ভাঙার চেষ্টা করব। শেষ পর্যন্ত তা না হলেও আমি দুই শ করেই অনেক খুশি।
 ডাবল সেঞ্চুরির তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি কি এখন মনে আছে?
মুশফিক: অসাধারণ। আমি খেলা শুরু করার আগে থেকেই দেখতাম সাঙ্গাকারা বা মাহেলা কেউ না কেউ আমাদের বিপক্ষে দুই শ, আড়াই শ রান করত। খুবই বেদনাদায়ক ছিল এটা দেখা। দেড়-দুই দিন ধরে ফিল্ডিং করা অনেক কষ্টকর ছিল। বিশ্বের এক নম্বর দলের সঙ্গে ডাবল সেঞ্চুরি করেও হয়তো আমি এত খুশি হতাম না, যেটা শ্রীলঙ্কার সঙ্গে করে হয়েছি। কারণ আমাদের তারা প্রতিটি সিরিজে অনেক কষ্ট দিত। গল টেস্টে সেই কাজটাই আমরা করতে পেরেছি, এটাই ছিল আনন্দের। প্রথম ইনিংসে তারা অনেক রান করার পরও আমরা টেস্ট ড্র করেছি, বাংলাদেশের ক্রিকেটের জন্য বিরাট অর্জন ছিল ওটা।
 সেই গলে আবার খেলবেন। ব্যক্তিগতভাবে আরও বড় কিছু করার ইচ্ছা আছে?
মুশফিক: অবশ্যই (হাসি)। এক জায়গায় তো থেমে থাকা যায় না। আমি নিজেও তো ভাবিনি যে আমি প্রথম দেশের হয়ে দুই শ করব। আমি এটাও জানি না তামিম কখনো ভেবেছে কি না ও-ই আমার পর ডাবল সেঞ্চুরি করবে কিংবা সাকিব ভেবেছে কি না সে তামিমের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড ভাঙবে। সব মানুষেরই ব্যক্তিগত কিছু লক্ষ্য থাকে। আমারও আছে। অন্তত আমার ব্যক্তিগত সর্বোচ্চ রানটা যেন খুব তাড়াতাড়ি টপকে যেতে পারি। সেটা শ্রীলঙ্কার সঙ্গে করতে পারলেই সবচেয়ে বেশি খুশি হব। কারণ তারাই আমার প্রিয় প্রতিপক্ষ।