গল্পটা যখন 'হারু পাট্টি'দের

২০১৭ ক্রিকেটকে দিয়েছে অনেক কিছু। বাংলাদেশের শততম টেস্টে জয়, সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জিতে নিয়েছে পাকিস্তান। বাস্তবে পরিণত হয়েছে টি-টেন ক্রিকেট নামক ধারণা, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন ডেভিড মিলার, মাস কয়েকের ব্যবধানে সেটা আবার ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা। প্রথম কোনো ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং রেটিংয়ে ডন ব্র্যাডম্যানকে ছোঁয়ার কাছাকাছি চলে এসেছেন।
হালকা চোট নিয়ে খেলতে নামা স্টিভ স্মিথ সেটা মেলবোর্ন টেস্টেই করতে পারেন কি না, সেটা জানতে ২০১৮ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এর আগে ২০১৭ সাল নিয়ে একটু আলোচনা করা যাক। তবে প্রতিবছর আমরা গল্পটা করি সফলদের। কোন দল সাফল্য পেল, কোন ব্যাটসম্যান চিরদিন মনে রাখার মতো ইনিংস খেলল কিংবা কোন স্পেল নিয়ে আজীবন ঈর্ষা জাগানো কোনো প্রতিবেদন লিখবেন কেউ। এবার আমরা বছরের সমাপ্তিটা টানতে চাচ্ছি ব্যর্থতা নিয়ে।
সুযোগটা করে দিয়েছে শ্রীলঙ্কা। এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ব্যস্ত ছিল দলটি। আলোচনা সাপেক্ষে গত দুই দশকের সবচেয়ে দুর্বল দল নিয়ে ৫৭টি ম্যাচ খেলার ফলও পেয়েছে তারা। রেকর্ড ৪০টি ম্যাচ হেরেছে তারা। এক পঞ্জিকাবর্ষে এত ম্যাচ হারার রেকর্ড নেই কোনো দলের। থাকবে কীভাবে? আগের রেকর্ড যাদের, সেই জিম্বাবুয়েও ২০১৫ সালে হেরেছিল ৩২ ম্যাচ। শ্রীলঙ্কা যে তাদের চেয়ে ২৫ শতাংশ ম্যাচ বেশি হেরেছে!

এ বছর টেস্ট হারার দিক থেকে সমতায় আছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুই দলই হেরেছে ৭টি ম্যাচ। তবে ম্যাচের কথা মাথায় আনলে বাংলাদেশই পিছিয়ে আছে। বাংলাদেশের ৭টি হার এসেছে ৯ ম্যাচে। আর শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটি ১৩ ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ দল আছে তিনে। ১০ ম্যাচের ৬টিতে হেরেছে তারা। ইংল্যান্ডের পরিসংখ্যান খারাপ করে দিয়েছে বছর শেষের অ্যাশেজ। চলতি মেলবোর্ন টেস্ট বাদেই ১০ ম্যাচের ৫টিতে হেরেছে ইংল্যান্ড। এরপরই আছে পাকিস্তান, ৬ টেস্টের ৪টিতেই হেরেছে তারা।
ওয়ানডেতেও শীর্ষস্থান শ্রীলঙ্কার। মাত্র ৫টি ওয়ানডেতে জয় পেয়েছে দলটি! ২৯টি একদিনের ম্যাচ খেলে ২৩টিতেই কাঁধ ঝুলিয়ে মাঠ ছেড়েছে। ওয়ানডেতেও শ্রীলঙ্কার পরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। ২১টি ওয়ানডের ১৫ ম্যাচেই হেরেছে জ্যাসন হোল্ডারের দল। এর মাঝে তিনটি ম্যাচ আবার বৃষ্টিতে ভেসে গিয়েছিল। হারের দিক থেকে একটু বড় ব্যবধানে পিছিয়ে তিনে আয়ারল্যান্ড। ১৬ ওয়ানডেতে ৯টিতে হারা এ দলের পেছনে হাতে হাত মিলিয়ে জায়গা করে নিয়েছে দুই তাসমান প্রতিবেশী। তবে ১৫ ম্যাচের ৮টিতেই হারা অস্ট্রেলিয়ার চেয়ে ভালো অবস্থা নিউজিল্যান্ডের (১৯ ম্যাচ)।
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার ‘জয়জয়কার’। ক্ষুদ্রতম সংস্করণেও ১০ হার (১৫ ম্যাচে) নিয়ে সবচেয়ে এগিয়ে (নাকি পিছিয়ে?) আছে দ্বীপরাষ্ট্রটি। টেস্টের মতোই টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সঙ্গে পাল্লা দিয়েছে বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে শুধু শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচে জয়। কলম্বোয় মাশরাফি বিন মুর্তজাকে বিদায়ী উপহার দেওয়া সে ম্যাচটাই ব্যতিক্রম, বাকি ৬টিতেই হেরেছে বাংলাদেশ। ৭ ম্যাচ খেলে যথাক্রমে ৫ ও ৪টি হার আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের। এ ছাড়া টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে পঞ্চাশ শতাংশের বেশি হার শুধু অস্ট্রেলিয়ার (৫ ম্যাচে ৩ হার)।
এ বছর তিন ফরম্যাটে শ্রীলঙ্কার হার ৪০ ম্যাচে। উইন্ডিজদের হারতে হয়েছে ২৪ ম্যাচে। ২০ ম্যাচে এমন ভাগ্য বরণ করে তিনে বাংলাদেশ। ১৪ হার নিয়ে অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড আছে চারে। মেলবোর্নের বক্সিং ডে টেস্ট জানিয়ে দেবে ইংল্যান্ড এ দুই দলের সঙ্গী হবে নাকি, এককভাবে চারে উঠে যাবে অস্ট্রেলিয়া।
‘হারু’দের গল্প করতে করতেই সফলদের কথা বলে ফেলা যাক। ২০১৭ সালে সব ফরম্যাট মিলিয়ে ৩৭ ম্যাচে জয়ী হয়েছে ভারত। ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডে দুইয়ে স্থান করে নিয়েছে যা। তবে এমন সাফল্যের মাঝেও বিষফোড়া হয়ে থাকবে একটি তথ্য। এত এত জয়ের পরও বছরের একমাত্র আইসিসি টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছেন বিরাট কোহলিরা।