গাছে উঠে মোবাইল নেটওয়ার্ক খোঁজার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।
ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী।
>ছুটি কাটাতে গ্রামে গিয়ে ‌‘লকউডনের’ মধ্যে পড়েছেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। কথা বলার জন্য উচু ভবনের ছাদে কিংবা গাছে উঠতে হয় তাঁকে

এক মোবাইল ফোন অপারেটর কোম্পানির বিজ্ঞাপনে দেখা যেত এমনটা—গাছের মগডালে উঠে মোবইল নেটওয়ার্ক খোঁজার চেষ্টা চালাচ্ছেন অন্য মোবাইল অপারেটর কোম্পানির গ্রাহক। বিজ্ঞাপনটির মর্ম কথা ছিল এই—তাদের গ্রাহক হলে আর কাউকে গাছে উঠে নেটওয়ার্কের খোঁজ করা লাগবে না।

সেই বিজ্ঞাপনের মতো মোবাইলে নেটওয়ার্ক পাওয়ার জন্য এখন গাছে উঠতে হয় আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরীকে। কখনো কখনো বা গ্রামের বাইরে গিয়ে উচু কোনো ভবনে। ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে এমনই খবর!

২০টি ওয়ানডে এবং ২৭ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনাকারী ভারতের অনিল চৌধরী ফাঁকা সময় পেয়ে দিল্লি থেকে বেড়াতে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। উত্তর প্রদেশের শামলি জেলার দংরোল গ্রামে গিয়ে ‘লকডাউনে’ আটকা পড়েন তিনি। এই লকডাউনের মধ্যে শহরে ফিরে আসার উপায় নেই। গ্রামে মোবাইল নেটওয়ার্কও ভালোভাবে কাজ করে না ব্যাবহার করা যায় না ইন্টারনেটও। কিন্তু জরুরি প্রয়োজনে তাঁকে মোবাইলে কথা বলা লাগে। ব্যবহার করতে হয় ইন্টারনেটও। লকডাউনের মধ্যে পড়া ৫৫ বছর বয়সী অনিল চৌধুরী জানিয়েছেন তার তিক্ত অভিজ্ঞতার কথা, ‌‘১৬ মার্চ থেকে আমি এখানে আছি দুই সন্তানকে নিয়ে। ফাঁকা সময় পাওয়ায় সপ্তাহখানেক এখানে কাটিয়ে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু এখানে এসে লকডাউনের মধ্যে পড়েছি।’ জরুরি প্রয়োজনে তাই গ্রামের বাইরে গিয়ে, গাছে উঠে কিংবা উচু ভবনের ছাদে উঠে মোবাইলে কথা বলতে হয় তাকে।

অনিলের ভাষায়, ‌‘এখানে নেটওয়ার্ক পাওয়াটাই বড় সমস্যা। আমি কারও সঙ্গে মোবাইলে কথা বলতে পারি না। ইন্টারনেট ব্যবহারও করতে পারি না। নেটওয়ার্ক পাওয়ার জন্য আমাকে গ্রামের বাইরে যেতে হয়। গাছে উঠতে হয় কিংবা উচু ভবনের ছাদে। তারপরও সবসময় নেটওয়ার্ক পাওয়া যায় না।’