গাজার সমর্থনে ব্যান্ড পরায় মঈনকে আইসিসির সতর্কবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঈনের হাতে সেভ গাজা ও ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যান্ড। ছবি: ডেইলি মেইল
মঈনের হাতে সেভ গাজা ও ফ্রি প্যালেস্টাইন লেখা ব্যান্ড। ছবি: ডেইলি মেইল

গাজায় ইসরায়েলের নির্বিচার ধ্বংসযজ্ঞ আর হত্যা মানতে পারেননি। প্রতিবাদের ভাষাটা নিজের মতো করেই বেছে নিয়েছিলেন মঈন আলী। হাতে পরেছিলেন ‘সেভ গাজা’ আর ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যান্ড। কিন্তু ইংল্যান্ডের এই ক্রিকেটারকে এ নিয়ে সতর্ক করল আইসিসি। ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ম্যাচে এ ধরনের ব্যান্ড আর পরতে পারবেন না মঈন।

অবশ্য আইসিসি তাঁর বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনছে না। কোনো শাস্তিও পেতে হবে না মঈনকে। চলমান ভারত-ইংল্যান্ড সাউদাম্পটন টেস্টে মঈনের হাতে গতকাল সোমবার এ ধরনের ব্যান্ড দেখা যায়। তবে আইসিসির একজন মুখপাত্র বলেছেন, আইসিসির পোশাক-পরিচ্ছেদ ও ক্রীড়াসামগ্রী ব্যবহারের নীতিমালায় বলা আছে, কোনো ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও বর্ণবাদী কোনো মন্তব্য লেখা কিছু ব্যবহার করা যাবে না।

অবশ্য পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার মঈন মাঠের বাইরে যে কোনো ব্যাপারে তাঁর মতামত স্বাধীনভাবেই দিতে পারবেন। এ ব্যাপারে আইসিসির কোনো বাধানিষেধ নেই। ইংলিশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, মঈন ভবিষ্যতে আর এ ধরনের কিছু করবেন না। মঈনের বিরুদ্ধে কোনো পদক্ষেপও ইসিবি নেবে না।

অবরুদ্ধ গাজার জন্য তহবিল ও সমর্থন গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছিলেন মঈন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করে এরই মধ্যে বেশ কজন ক্রিকেটার টুইটও করেছেন।

এর আগে চলমান কমনওয়েলথ গেমসে মালয়েশিয়ান সাইক্লিস্ট আজিজুলহাসনি আওয়াংকে সেভ গাজা লেখা গ্লাভস ব্যবহার করায় সতর্ক করে দেওয়া হয়। আওয়াং অবশ্য দাবি করেছিলেন, রাজনৈতিক নয়, মানবিক দৃষ্টিকোণ থেকেই তিনি গাজার পাশে দাঁড়িয়েছেন। সূত্র: এএফপি।