গাজী গ্রুপকে বিদায় করল ভিক্টোরিয়া

পারলেন না পুনিত বিশত। পারল না গাজী গ্রুপ ক্রিকেটার্স। ভারতীয় ব্যাটসম্যান পারলেন না ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে নেমেই সেঞ্চুরি করতে। গাজী গ্রুপ পারল না প্রিমিয়ার লিগে উঠেই সুপার লিগে খেলতে। বিশত আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৪ রান দূরে থেকে। গাজী থেমেছে লক্ষ্য থেকে ২৮ রান দূরে।
বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচটি জিতে প্রথম পর্বটা সবার ওপরে থেকেই শেষ করল ভিক্টোরিয়া। ১১ ম্যাচে ভিক্টোরিয়ার পয়েন্ট ১৫। সমান ম্যাচে গাজী গ্রুপের পয়েন্ট ১০। গাজী গ্রুপের বিদায়ে নিশ্চিত হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের সুপার লিগে উত্তরণ।
জিততে হলে ৩৩ ওভারে গাজী গ্রুপকে করতে হতো ২২০ রান। রান তাড়ায় দলটির ওপেনার শামসুর রহমান ও বিশত ছাড়া বলার মতো রান পাননি অন্য কেউ। ১১ রানেই এনামুল হক ও মেহেদী হাসানকে হারিয়ে চাপে পড়ে গাজী। সেখান থেকেই শামসুর ও বিশতের ৯৫ রানের জুটি। তবে একটু বেশিই সাবধানী থেকে আস্কিং রেটটাই বাড়িয়েছেন তাঁরা। ৫২ বলে ৪২ রান করেছেন শামসুর। আউট হয়েছেন সোহরাওয়ার্দীর বলে শর্ট মিডউইকেটে ক্যাচ তুলে। এরপর অন্য প্রান্তে আসা যাওয়ার খেলা দেখা বিশত ফিরেছেন সপ্তম ব্যাটসম্যান হিসেবে ১৫২ রানে। ম্যাচ শেষ ওখানেই। এরপর শেষের ব্যাটসম্যানরা শুধু ম্যাচটাকে লম্বাই করেছেন। বিশত ১০৫ বলে ১২ চারে করেছেন ৮৬ রান। তাঁর উইকেটটিসহ ৫ উইকেট নিয়েছেন ভিক্টোরিয়ার অফ স্পিনার আল আমিন।
এর আগে দুপুর সোয়া ১২টায় শুরু হওয়া ম্যাচে আবদুল মজিদের সেঞ্চুরি (১০০) ও মুমিনুল হকের ৭৩ রানে ২১৯ রান করে ভিক্টোরিয়া।