গাজীকে অপেক্ষায় রাখল দোলেশ্বর

গাজী গ্রুপ ক্রিকেটার্সের ম্যাচ ছিল না। তবু তারা কাল তাকিয়ে ছিল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ম্যাচের দিকে। সুপার লিগের এ ম্যাচে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে মোহামেডান জিতে গেলে যে এক ম্যাচ হাতে রেখে কালই শিরোপা জয়ের উৎসব করত তারা!
দোলেশ্বর সেটি হতে দিল না। মোহামেডানকে ৯৭ রানে হারিয়ে গাজীকে আরেকটু অপেক্ষায় রাখল দলটা। শিরোপা জিততে এখন দোলেশ্বরের বিপক্ষে আগামীকালের ম্যাচটি অন্তত টাই করতে হবে গাজী গ্রুপকে, জিতলে তো কথাই নেই। তবে দোলেশ্বর জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে গাজীর সমান (২৪)। তখন মুখোমুখি লড়াইয়ে যেহেতু দুই দলেরই একটি করে জয় থাকবে, শিরোপা নিষ্পত্তি হবে নেট রানরেটে। আর গাজীর বিপক্ষে দোলেশ্বর জিতে গেলে শিরোপা নিষ্পত্তির জন্য তাকিয়ে থাকতে হবে আগামীকাল আবাহনী-শেখ জামাল ধানমন্ডি ম্যাচের দিকে। আবাহনী যদি শেখ জামাল ধানমন্ডিকে হারিয়ে দেয়, তাহলে দোলেশ্বরের সঙ্গে আর নেট রানরেটের যুদ্ধে অবতীর্ণ হতে হবে না গাজীকে। সমান ২৪ পয়েন্ট পাওয়া তিন দলের মুখোমুখি লড়াইয়ের হিসাবে শিরোপা উঠে যাবে তাদের হাতে। আর শেখ জামাল জিতলে হিসাব করা হবে গাজী-দোলেশ্বরের নেট রানরেট।
দোলেশ্বরের বিপক্ষে জেতার কোনো সম্ভাবনাই কাল জাগাতে পারেনি মোহামেডান। ওপেনার শাহরিয়ার নাফীস (৭০) ও মার্শাল আইয়ুবের (৫০) ফিফটির সৌজন্যে গাজীর ২৬৪ রানের জবাবে ৩৪.৫ ওভারে ১৬৭ রানে অলআউট হয়েছে রকিবুল হাসানের দল।
সংক্ষিপ্ত স্কোর
প্রাইম দোলেশ্বর: ৫০ ওভারে ২৬৪/৬ (শাহরিয়ার ৭০, মার্শাল ৫০, ইমতিয়াজ ৪৮, ভাটিয়া ৩৭, ফরহাদ ২০; সাজিদুল ২/৩৫)। মোহামেডান: ৩৪.৫ ওভারে ১৬৭ (বিপুল ৪৮, সাজিদুল ৩১, শামসুর ২৬; শরীফউল্লাহ ৩/৩২, রাহাতুল ২/২১, দেলোয়ার ২/২৩, ফরহাদ ২/৩২)।
ফল: প্রাইম দোলেশ্বর ৯৭ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: শাহরিয়ার নাফীস।