গাজীকে জেতালেন স্পিনার মেহেদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিংস বিরতিতে গাজী গ্রুপের কোচ সালাউদ্দিনকে বেশ চিন্তিতই দেখাল। বিকেএসপির ব্যাটিং-স্বর্গে ব্রাদার্সের বিপক্ষে ১৬৭ রানে অলআউট হয়েছে তাঁর দল। কপালে চিন্তার ভাঁজ তো পড়বেই!

অথচ গাজী গ্রুপের শুরুটা হয়েছিল দারুণ। এনামুল হক-শামসুর রহমানের ওপেনিং জুটিই তুলে ফেলে ৭০ রান। ইফতেখার সাজ্জাদের লো ফুল টসে শর্ট মিড উইকেটে নাবিল সামাদের ক্যাচ হওয়ার আগে এনামুল করেন ৪৬ রান। এই রানটাই পরে গাজী গ্রুপের ব্যক্তিগত সর্বোচ্চ হয়ে গেছে।

টানা দুই দিন বৃষ্টি হওয়ায় তৈরি হতে পর্যাপ্ত সময় পায়নি বিকেএসপির উইকেট। কাল উইকেট হাত বাড়িয়ে দিয়েছে স্পিনারদের দিকে। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তুষার ইমরান। ‘টুকটাক’ বোলিং তিনি নিয়মিতই করেন। কিন্তু কাল তুষার আবির্ভূত হলেন দুর্দান্ত এক বোলার হিসেবে। গাজী গ্রুপের মিডল অর্ডার ধসিয়ে দিয়েছেন তিনিই। ২৭ রানে পেয়েছেন ৪ উইকেট, লিস্ট ‘এ’ ক্যারিয়ারে যেটি তাঁর সেরা বোলিং। অসাধারণ বোলিং করেছেন ব্রাদার্সের আরেক স্পিনার ইফতেখারও, নিয়েছেন ৩ উইকেট।

১০২ রানে ৮ উইকেট পড়ে যাওয়া গাজী গ্রুপকে লড়াইয়ের পুঁজি দিয়েছে সালেহীন সাদ-ফারুক হোসেনের নবম উইকেটের ৩২ ও ফারুক-শরীফের ৩৩ রানের শেষ উইকেট জুটি।

উইকেট ভালো টার্ন দেখেই কিনা গাজী গ্রুপ অধিনায়ক অলক কাপালি শুরুতে থেকেই আক্রমণে আনেন স্পিনারদের। তুষারের মতো মেহেদী হাসান মূলত ব্যাটসম্যান হলেও কাল দেখালেন তাঁর ঘূর্ণিজাদু। ১০ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট!

১৬৮ রান তাড়া করতে নেমে গাজী গ্রুপের স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে যখন সতীর্থরা একে একে ফিরে যাচ্ছেন ড্রেসিংরুমে, এক প্রান্তে লড়াই চালিয়েছেন তুষার। কিন্তু হঠাৎই ধৈর্যচ্যুতি ঘটল ব্রাদার্স অধিনায়কের। সাদের বলটা পুল করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে সাজেদুলের ক্যাচে পরিণত হওয়ার আগে তাঁর রান ৮১ বলে ৪১। ধীর পায়ে তুষার যখন ড্রেসিংরুমে ফিরছিলেন, মুখটা হতাশায় ঢাকা। সহজ লক্ষ্যটা পেরোতে এমন ব্যর্থ হবেন, তা কি ভেবেছিলেন!

এবারের প্রিমিয়ার লিগের প্রথম দিনেই সেঞ্চুরি করে মেহেদী পেয়েছিলেন ম্যাচসেরার পুরস্কার। কাল একই পুরস্কার নিতে এলেন অসাধারণ বোলিং করে। ভবিষ্যতে নিজেকে দুর্দান্ত এক অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠা করাই মেহেদীর স্বপ্ন, ‘বয়সভিত্তিক ক্রিকেটে খেলতাম মূলত বোলার হিসেবে। কিন্তু গত তিন বছরে আমাকে ব্যাটসম্যান বানিয়েছেন উজ্জ্বল ভাই (গাজী গ্রুপের সহকারী কোচ)। প্রথম শ্রেণিতে দুটি সেঞ্চুরিও আছে আমার। এখন বোলিং-ব্যাটিং দুটিতেই ভালো করতে চাই।’

অসাধারণ এক জয়ের পরও চিন্তার ছাপ দেখা গেল সালাউদ্দিনের মুখে! ৯ রাউন্ড শেষে আবাহনী, প্রাইম ব্যাংক ও শেখ জামাল ধানমন্ডির সঙ্গে তাঁর দলেরও পয়েন্ট ১০। বোঝা গেল, সুপার লিগ নিয়ে বেশ ভাবনায় পড়ে গেছেন গাজী গ্রুপের কোচ!

সংক্ষিপ্ত স্কোর

গাজী গ্রুপ: ৩৫.২ ওভারে ১৬৭ (এনামুল ৪৬, ফারুক ২৯*, শামসুর ২৮; তুষার ৪/২৭, ইফতেখার ৩/৩৩)।

ব্রাদার্স: ৪০.১ ওভারে ১২৪ (তুষার ৪১, জাকির ১৯, আরমান ১৪; মেহেদী ৪/১৬, সাদ ২/২৩, অলক ২/৩১)।

ফল: গাজী গ্রুপ ৪৩ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান।