গাজীকে বিদায় করে দিল ভিক্টোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারল না গাজী গ্রুপ ক্রিকেটার্স। অনেক চেষ্টা করেও সুপার লিগে উঠতে পারল না দলটি। কাল ফতুল্লায় দেরিতে শুরু হওয়া ম্যাচে গাজী গ্রুপকে ২৮ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে প্রথম পর্বটা শেষ করেছে ভিক্টোরিয়া। আর এই ম্যাচের পয়েন্ট কাটাকুটির খেলায় সুপার লিগে ওঠার হিসাব মিলিয়ে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক।
মাঠ খেলার উপযোগী নয়—এই অজুহাতে সিসিডিএম ম্যাচটাকে এমনিতেই এক দিন পিছিয়ে দিয়েছিল। আগের রাত ও ভোরের বৃষ্টি ম্যাচটাকে পিছিয়ে দেয় আরও সোয়া তিন ঘণ্টা। দুপুর সোয়া ১২টায় শুরু হয় ৩৩ ওভারের কর্তিত ম্যাচ।
উইকেটে অবশ্য বৃষ্টির কোনো প্রভাব পড়েনি। ফতুল্লার ব্যাটিং উইকেটে গাজী গ্রুপের বোলারদের ওপরে ছড়ি ঘুরিয়েছেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যানরা। তৃতীয় ওভারে ওপেনার ফজলে রাব্বীর আউট ও শেষ দিকে রান বাড়াতে গিয়ে উইকেট বিলিয়ে আসার সময়টুকু ছাড়া ২২ গজে ছিল ভিক্টোরিয়া-রাজ। যেখানে দ্বৈত শাসন চালিয়েছেন আবদুল মজিদ ও মুমিনুল হক।
১৯.৩ ওভারে তাঁদের গড়া ১২২ রানের দ্বিতীয় উইকেট জুটিতে বেশি আগ্রাসী ছিলেন মুমিনুল। বাংলাদেশের সীমিত ওভারের দলের বাইরে থাকা মুমিনুল ৬৬ বলে করেছেন ৭৩। ৪৮ বলে ফিফটি ছোঁয়া মুমিনুলের ইনিংসে আছে দারুণ সব শটে খেলা ১০টি চার। ২২তম ওভারে দলকে ১৩১ রানে রেখে তাঁর বিদায়ের পর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মজিদ। পাঁচ দিন আগে মিরপুরে ব্রাদার্সের বিপক্ষে ১১৮ রান করা ওপেনার কাল ফিরেছেন ৯২ বলে ঠিক ১০০ রান করে। ৮টি চার মেরেছেন মজিদ, সঙ্গে বোলারের মাথার ওপর ও মিড উইকেট দিয়ে দুটি ছক্কা। এই ইনিংস খেলেই কিছু সময়ের জন্য এবারের লিগে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছিলেন মজিদ (৫৩৮)। পরে রান তাড়া করতে নেমে তাঁকে টপকে গেছেন গাজী ওপেনার শামসুর রহমান (৫৫৮)। ভিক্টোরিয়ার মতোই গাজীর ইনিংসও দুই ব্যাটসম্যানের গল্প। শামসুর করেছেন ৪২, ৯৫ রানের তৃতীয় উইকেট জুটিতে তাঁর সঙ্গী পুনিত বিস্ত করেছেন ৭৯ বলে ৮৬। ভারতীয় ব্যাটসম্যান বিস্ত যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ আশা ছিল গাজীর। তাঁকে অফ স্পিনার আল আমিন এলবিডব্লু করতেই ম্যাচ পুরোপুরি মুঠোয় পুরে ফেলে ভিক্টোরিয়া। এই উইকেটটিসহ প্রথমবারের মতো লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫ উইকেট নিয়েছেন আল আমিন।
সংক্ষিপ্ত স্কোর
ভিক্টোরিয়া: ৩৩ ওভারে ২১৯/৭ (মজিদ ১০০, মুমিনুল ৭৩, আল আমিন ২৪; শরীফ ৩/১৯, দেলোয়ার ২/৩৬, শামসুর ১/১৯)। গাজী গ্রুপ: ৩০.১ ওভারে ১৯১ (বিশত ৮৬, শামসুর ৪২, ইলিয়াস ১৯; আল আমিন ৫/২৭, মাহবুবুল ৩/৩৭, কামরুল ১/২৫, সোহরাওয়ার্দী ১/৪৪)।
ফল: ভিক্টোরিয়া ২৮ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আল আমিন।
পয়েন্ট তালিকা
ম্যাচ জয় হার টাই পয়েন্ট নে. রা. রে.
ভিক্টোরিয়া ১১ ৭ ৩ ১ ১৫ +০.৩৭০
মোহামেডান ১১ ৭ ৪ ০ ১৪ +০.৪৮৩
প্রাইম দোলেশ্বর ১১ ৭ ৪ ০ ১৪ +০.৩৮২
আবাহনী ১১ ৭ ৪ ০ ১৪ +০.৩২৬
রূপগঞ্জ ১১ ৬ ৩ ১ ১৪ +০.১৮৮
প্রাইম ব্যাংক ১১ ৬ ৫ ০ ১২ +০.১৪৩
কলবাগান কেসি ১১ ৬ ৫ ০ ১২ -০.০৮১
গাজী গ্রুপ ১১ ৫ ৬ ০ ১০ +০.২৬৬
শেখ জামাল ১১ ৫ ৬ ০ ১০ -০.৪৫২
ব্রাদার্স ১১ ৪ ৬ ০ ৯ -০.৩৭৩
সিসিএস ১১ ২ ৯ ০ ৪ -০.৬৪৩
কলাবাগান সিএ ১১ ১ ৯ ০ ৪ -০.৭৪৬
*প্রথম ছয় দল খেলবে সুপার লিগে