গাদ্দাফিতে স্মৃতিকাতর ইমরান

ইমরান খানের শহরের মাঠ এই গাদ্দাফি স্টেডিয়াম। লাহোরের এই মাঠে খেলোয়াড় হিসেবে শেষবারের মতো পা রেখেছিলেন ১৯৯১ সালের ২২ নভেম্বর, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে। এই মাঠে শেষ টেস্টও এই ক্যারিবীয়দের বিপক্ষে খেলেছিলেন আজ থেকে ২৫ বছর আগে, ১৯৯০ সালের ডিসেম্বর মাসে। দর্শক হিসেবে শেষবারের মতো গাদ্দাফি স্টেডিয়ামে প্রবেশ করেছিলেন ১৯৯৬ সালের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে। গতকাল ১৯ বছর পর ইমরান আবারও দর্শক হিসেবে বসলেন গাদ্দাফির সুবিন্যস্ত গ্যালারিতে।
রাজনীতি ইমরানের হাত থেকে কেড়ে নিয়েছে সব সময়। নয়তো ঘরের মাঠে কেন ১৯ বছর পর প্রবেশ করতে হবে তাঁকে! কাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে ইমরান পেলেন আন্তরিক সংবর্ধনাই। পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা আন্তরিকতার সঙ্গেই গাদ্দাফি স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে অভ্যর্থনা জানান তাঁকে। রাজনীতির মাঠে তিনি পাকিস্তানের ক্ষমতাসীন দলের শত্রু হতে পারেন, কিন্তু ক্রিকেটের মাঠে তাঁর বীরত্বগাথা অস্বীকার করার মানুষ কী পাকিস্তানে আছে?
গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে বসে ইমরানের নিশ্চয়ই মনে পড়েছে অনেক স্মৃতি! ১৯৮৭ সালের বিশ্বকাপ সেমিফাইনালে এই গাদ্দাফি স্টেডিয়াম পাকিস্তানকে এনে দিয়েছিল দুঃসহ এক অভিজ্ঞতা। হট ফেবারিট হয়েও অস্ট্রেলিয়ার কাছে সেই ম্যাচে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। ম্যাচটির আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছিলেন ইমরান। বলেছিলেন বিশ্বকাপে পাকিস্তানের শেষ ম্যাচ হবে তাঁর ক্যারিয়ারেরও শেষ আন্তর্জাতিক ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের দিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে শোভা পাচ্ছিল অনেক ব্যানার-ফেস্টুন। ‘কভি আল-বিদা না ক্যাহনা’—জনপ্রিয় এই গানটি গেয়ে সেদিন ইমরানকে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানিয়েছিলেন লাহোরের দর্শকেরা। সবার ভালোবাসার কারণেই ইমরান তাঁর অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন। পরে ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপ জিতিয়েই ক্রিকেটকে বিদায় জানান তিনি।