গাপটিল ১৮০ নটআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুনে গুনে ১১টি ছক্কা মারলেন, তবু আরেকটি ছক্কার জন্য হাপিত্যেশ থাকতে পারে মার্টিন গাপটিলের। একটুর জন্য যে বিশ্ব রেকর্ডটা হাতছাড়া হলো!
ওয়ানডেতে তাড়া করতে নেমে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি শেন ওয়াটসনের। ২০১১ সালে এপ্রিলের সে ভয়ংকর দিনে বাংলাদেশের বোলারদের গলির মানে নামিয়ে এনে ৯৬ বলে ১৮৫ রান করেছিলেন। সেই রেকর্ডটা একটুর জন্য অক্ষত থেকে গেল কাল, যখন ৪৫তম ওভারের তৃতীয় বলে রান নিলেন লুক রনকি। তাতেই কাগজে-কলমে গাপটিলের ১৮৬ রান করার সম্ভাবনাটা শেষ হয়ে গেল। শেষ পর্যন্ত অপরাজিত ১৮০ রানেই থামলেন কিউই ওপেনার। দুর্দান্ত সে ইনিংসে দক্ষিণ আফ্রিকার ২৮০ রানের লক্ষ্যটা ৩০ বল বাকি থাকতেই পেরিয়ে গেল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ২-২-এ সমতা এখন।
বড় ইনিংস এর আগেও খেলেছেন গাপটিল। কালকের পর নিউজিল্যান্ডের হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ তিনটি ইনিংসই তাঁর। ২০১৫ বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রানের ইনিংসও আছে এই ওপেনারের। কিন্তু সে ডাবল সেঞ্চুরিটাও এক দিক দিয়ে পেছনে চলে গেল কালকের ইনিংসটার কাছে। অধিনায়ক কেন উইলিয়ামসনের চোখে, ‘গাপটিল ছিল অবিশ্বাস্য। কঠিন উইকেটে আমার দেখা সম্ভবত সেরা ইনিংস। ম্যাচের মাঝপথে মনে হয়েছিল, ওদের আরও কম রানে আটকাতে পারলে ভালো হতো। কিন্তু মার্টিন এল আর বিশেষ এক ইনিংস খেলল।’
সেডন পার্কের উইকেটটা কেমন ছিল, সেটা বোঝাতে পারে ফাফ ডু প্লেসি ও রস টেলরের ইনিংস দুটি। ৯৭ বল খেলে দুই দলের দুই ব্যাটিং ভরসা করেছেন ৬৬ ও ৬৭ রান। শুধু এবি ডি ভিলিয়ার্সই একটু ব্যতিক্রম। অধিনায়কের ৫৯ বলে ৭২ রানেই কঠিন উইকেটে ২৭৯ রান তুলেছিল প্রোটিয়ারা। কিন্তু গাপটিলের ইনিংস ওই রানটাকে বড্ড কম বানিয়ে দিল। ডি ভিলিয়ার্সও হার স্বীকার করে নিয়েছেন গাপটিলের কাছে, ‘মার্টিন দুর্দান্ত একটা ইনিংস খেলেছে, কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। এ রান নিয়েই আত্মবিশ্বাসী ছিলাম, শুধু মার্টিনকে আউট করা দরকার ছিল। কিন্তু পর্যাপ্ত সুযোগ পাইনি।’
একবার অবশ্য এসেছিল সুযোগ। কিন্তু ৬২ রানে এলবিডব্লু ঘোষিত গাপটিল রিভিউ নিয়ে বেঁচে যান। আর ইনিংসের শেষ দিকে একবার রানআউটের সুযোগ দিয়েও নিরাপদেই ক্রিজে ফেরেন। তবে ততক্ষণে ম্যাচ নিয়ে সব অনিশ্চয়তা দূর হয়ে গেছে। ম্যাচের গল্প বদলে দেওয়া এই ইনিংসের রহস্যটা শুনবেন? তাঁর ব্যাট! ‘দারুণ ব্যাট পেয়েছি, পরের ইনিংসটা খেলার আগ পর্যন্ত বরফে ঢেকে রাখব! চেয়েছিলাম ইনিংসটা যতটুকু সম্ভব লম্বা করতে। স্ট্রাইক বদলানোই বেশি জরুরি ছিল, দ্রুত রান তুলতে চেয়েছিলাম শেষ দিকে।’ ৮২ বলে সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ১৫টি চার ও ১১টি ছয় অবশ্য বলছে দ্রুত রান তোলার কাজটা শেষের জন্য তুলে রাখেননি গাপটিল! তথ্যসূত্র: ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭৯/৮ (ডি ভিলিয়ার্স ৭২*, ডু প্লেসি ৬৭, আমলা ৪০; প্যাটেল ২/৫৭, নিশাম ১/১৫, স্যান্টনার ১/৪০)।
নিউজিল্যান্ড: ৪৫ ওভারে ২৮০/৩ (গাপটিল ১৮০*, টেলর ৬৬, উইলিয়ামসন ২১; তাহির ২/৫৬, রাবাদা ১/৪১)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মার্টিন গাপটিল।