গাপটিল ২৩৭, উইন্ডিজ ২৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডাবল সেঞ্চুরির পর মার্টিন গাপটিলকে মাঠেই ক্রিস গেইল বলেছিলেন, ‘দুই শর ক্লাবে স্বাগত’। ম্যাচের পর একই ফ্রেমে বন্দী এই বিশ্বকাপের দুই ডাবল সেঞ্চুরিয়ান l আইসিসি
ডাবল সেঞ্চুরির পর মার্টিন গাপটিলকে মাঠেই ক্রিস গেইল বলেছিলেন, ‘দুই শর ক্লাবে স্বাগত’। ম্যাচের পর একই ফ্রেমে বন্দী এই বিশ্বকাপের দুই ডাবল সেঞ্চুরিয়ান l আইসিসি

সবচেয়ে বড় ভয়টা তো থাকে ব্রেন্ডন ম্যাককালামকে নিয়ে। তাঁর দিনে তিনি ‘একাই এক শ’। একাই পারেন বিশ্বের ভয়ংকরতম বোলিং আক্রমণকে অতি সাধারণ বানিয়ে ফেলতে। এটা জেনে এবং মেনেই নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার প্রস্তুতি নেয় যেকোনো প্রতিপক্ষ। কিন্তু ম্যাককলামকে বাদ দিলে আর কাকে ভয়? এই প্রশ্নে সবচেয়ে বেশি শোনা যাবে যাঁর নামটা তিনি কেন উইলিয়ামসন। ম্যাককালামের মতো বলে-কয়ে বোলারদের মারেন না তিনি। তাঁর ইনিংসগুলোকে ঠিক ‘ঝড়’, ‘টর্নেডো’ এসব উপমাও দেওয়া যায় না। তিনি বরং ঠান্ডা মাথার খুনি, নীরব ঘাতক। ঢাকঢোল না পিটিয়ে কী অবলীলায় প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ বের করে নেন! সাক্ষী দেবে অস্ট্রেলিয়া, উইলিয়ামসনের ছক্কায় যারা গ্রুপের ম্যাচটা হেরেছিল নিউজিল্যান্ডের কাছে।
তো সেই ম্যাককালাম আর উইলিয়ামসনকে নিয়ে নিশ্চয়ই বিস্তর পরিকল্পনাও করে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। ম্যাককালাম ফিরলেন ১২ রানে, উইলিয়ামসন ৩৩। ৪৫ রানে দুজনকে আটকে রেখে পরিকল্পনাটা মোটামুটি সফলভাবে বাস্তবায়নও করল জেসন হোল্ডারের দল। কিন্তু কে জানত ম্যাককালামের আগ্রাসন আর উলিয়ামসনের ধীরস্থির মস্তিষ্ক এদিন মার্টিন গাপটিলের মধ্যে ভর করবে! ওয়েলিংটনের ওয়েস্ট প্যাকে বিশ্বকাপের চতুর্থ কোয়ার্টার ফাইনালটা এমন ‘গাপটিলময়’ হয়ে উঠবে!
ডাবল সেঞ্চুরি আগেও দেখেছে ওয়ানডে ক্রিকেট, এই তো কদিন আগেই ক্যানবেরায় বিশ্বকাপকে প্রথম দ্বিশতক উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার ক্রিস গেইল (২১৫)। তবে কাল সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই গাপটিল তাঁকে ছাড়িয়ে খেললেন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ইনিংস (২৩৭*)। আর সেটিও কী সাবলীল ভঙ্গিতে! কোনো বুনো তাণ্ডব নেই, খেললেন ধ্রুপদি সব ক্রিকেট শট। তাতেই কিউই ওপেনার নিজে গড়লেন ইতিহাস, নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে জমা হলো ৩৯৩ রান! অথচ গাপটিলের ডাবল সেঞ্চুরিটি বাদ দিলে আর কোনো কিউই ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরিও নেই। দ্বিতীয় সর্বোচ্চ রস টেলরের ৪২।

এই রানের কাছাকাছি যেতে হলেও চোট কাটিয়ে ফেরা গেইলকেই স্বমূর্তিতে ফিরতে হতো। তাঁর দিকে তাকিয়ে থাকা ছাড়া উপায় ছিল না ওয়েস্ট ইন্ডিজেরও। ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার শুরুটাও করেছিলেন সেভাবেই। ৩৩ বলে ৬১, ঘণ্টা খানেক স্থায়ী ইনিংসে ৮ ছক্কা ২ চার। এর মধ্যে প্রচণ্ড হিসাবি ড্যানিয়েল ভেট্টোরির ১ ওভারেই মেরেছেন তিন ছক্কা। কিন্তু শেষ পর্যন্ত গেইল পারেননি ‘গাপটিল’ হয়ে উঠতে। অ্যাডাম মিলনের বলে বোল্ড হয়ে যান, দপ করে নিভে যায় ওয়েস্ট ইন্ডিজের আশার প্রদীপও। পাহাড়সম রান তোলার পরও ফিল্ডিং করতে গিয়ে একটুও গা-ছাড়া হয়নি কিউইরা। সীমানার কাছাকাছি ভেট্টোরির নেওয়া মারলন স্যামুয়েলসের অসাধারণ ক্যাচটাই তাঁর প্রমাণ। ঠুকেঠুকে এ ম্যাচ জেতা যাবে বুঝে রান তোলার দিকেই বেশি মনোযোগী ছিলেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা। কিন্তু আগাগোড়া তাঁরা চালিয়ে গেলেন ঝড়ের গতিতে। কোনো ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানই একটা প্রান্ত ধরে রাখার চেষ্টা করেননি। আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দিতে গিয়ে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। ফলাফল, ৩০.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ অলআউট ২৫০ রানে।

দুর্দান্ত জয়ে সপ্তমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল নিউজিল্যান্ড। সবচেয়ে বেশিবার সেমিফাইনাল খেলার রেকর্ডে ভাগীদার তারা এখন অস্ট্রেলিয়ার। আগামী পরশু অকল্যান্ডে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

যে দলই জিতুক, এটা নিশ্চিত ২৯ মার্চ মেলবোর্নে নতুন এক ফাইনালিস্টকেই দেখবে বিশ্বকাপ। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।

                                     ম্যাচ                    ভেন্যু         সাল

২৬৪      রোহিত শর্মা         ভারত-শ্রীলঙ্কা               কলকাতা        ২০১৪

২৩৭*    মার্টিন গাপটিল      নিউজিল্যান্ড-ও. ইন্ডিজ    ওয়েলিংটন      ২০১৫

২১৯       বীরেন্দর শেবাগ    ভারত-ও. ইন্ডিজ            ইন্দোর           ২০১১

২১৫      ক্রিস গেইল          ও. ইন্ডিজ-জিম্বাবুয়ে        ক্যানবেরা       ২০১৫            

২০৯      রোহিত শর্মা         ভারত-অস্ট্রেলিয়া            বেঙ্গালুরু        ২০১৩

২০০*    শচীন টেন্ডুলকার   ভারত-দ. আফ্রিকা          গোয়ালিয়র     ২০১০

বিশ্বকাপেরসর্বোচ্চপাঁচব্যক্তিগতইনিংস

                            ম্যাচ                    ভেন্যু         সাল

২৩৭*    মার্টিন গাপটিল      নিউজিল্যান্ড-ও. ইন্ডিজ    ওয়েলিংটন      ২০১৫

২১৫      ক্রিস গেইল          ও. ইন্ডিজ-জিম্বাবুয়ে        ক্যানবেরা       ২০১৫            

১৮৮*    গ্যারি কারস্টেন     দ. আফ্রিকা-আমিরাত      রাওয়ালপিন্ডি   ১৯৯৬

১৮৩      সৌরভ গাঙ্গুলী      ভারত-শ্রীলঙ্কা               টন্টন             ১৯৯৯

১৮১      ভিভ রিচার্ডস        ও. ইন্ডিজ-শ্রীলঙ্কা           করাচি            ১৯৮৭