গাপটিলের দিনে কিউইদের চার শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ৪০ টেস্ট ইনিংসে সেঞ্চুরিশূন্য। সময়ের হিসাবে প্রায় ৪ বছর। মাঝখানে কিউই দল থেকে বাদ পড়লেও মার্টিন গাপটিলের ওপর কিউই নির্বাচকেরা আস্থা রেখেছেন সীমিত ওভারের ক্রিকেটে তাঁর দারুণ ফর্মের কারণেই। এই সময়ে ওয়ানডেতে সাতটি সেঞ্চুরি করেছেন। অবশেষে টেস্টেও নির্বাচকদের সেই আস্থার প্রতিদান দিলেন কিউই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে কাল ডানেডিনে করলেন ১৫৬ রান। গাপটিলের এই ইনিংসের সৌজন্যেই প্রথম দিনে স্কোরবোর্ডে নিউজিল্যান্ড ৪০৯/৮।
গাপটিল সেঞ্চুরি পেলেও সম্ভাবনা জাগিয়ে ব্যর্থ কেন উইলিয়ামসন ও অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ড যে প্রথম দিনেই চার শ রানের পাহাড় গড়ে তুলল, তাতে এই দুজনের ৮৮ ও ৭৫ রানের ইনিংস দুটিরও অনেক অবদান। গত বছরের ক্রাইস্টচার্চকেই যেন ডানেডিনে ফিরিয়ে আনল কিউইরা। এই শ্রীলঙ্কার বিপক্ষেই গত বছর ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনে ৭ উইকেটে ৪২৯ করেছিল ম্যাককালামের দল। প্রথম দিনেই নিউজিল্যান্ডের রানের রেকর্ডটা ৪৫২, যেটি তারা হারারেতে ২০০৫ সালে করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে।
টস হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ডের দুই ওপেনারই তুলে ফেলেন ৫৬ রান। ল্যাথাম আউট হয়ে যাওয়ার পর উইলিয়ামসনকে নিয়ে সবচেয়ে বড় জুটিটি গড়েন গাপটিল। ৩৮.৫ ওভারে ১৭৩ রান যোগ করেন দুজন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই দ্বিতীয় উইকেটে কিউইদের সর্বোচ্চ জুটি। যখন মনে হচ্ছিল দারুণ একটা মৌসুম কাটানো উইলিয়ামসনের সেঞ্চুরি পাওয়াটা সময়ের ব্যাপার, চা-বিরতির ঠিক আগে নুয়ান প্রদীপের বাইরের বল তাড়া করে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন ৮৮ রানে। উইলিয়ামসন আউট হওয়ার আগেই লাকমলকে দারুণ এক ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ২০১১ সালের পর প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি করেন গাপটিল। ২ উইকেটে ২২৯ রান নিয়ে চা-বিরতিতে যায় নিউজিল্যান্ড।
ম্যাচে ফেরার চেষ্টায় মরিয়া শ্রীলঙ্কা শেষ সেশনে গাপটিলেরটিসহ নিয়েছে ৬ উইকেট। অ্যাঞ্জেলো ম্যাথুসের বলে কটবিহাইন্ড হওয়ার আগে ১৫৬ করেন গাপটিল। কিউই ইনিংসের ৫৭টি চারের ২১টিই তাঁর ব্যাটের উপহার। তবে একবার রানআউট ও দুবার এলবিডব্লুর জোরােলা আবেদন থেকে বেঁচে যান গাপটিল। তাঁর আউট হওয়ার আগেই ঝোড়ো এক ইনিংস খেলে ফিরে যান ম্যাককালাম। ১৩ চার ও ১ ছক্কায় ৫৭ বলে ৭৫ করেন অধিনায়ক। গাপটিলের সঙ্গে তাঁর ৮৯ রানের জুটি হয়েছে মাত্র ১৪.৩ ওভারে। শেষ সেশনে ৬ উইকেট হারালেও ১৮০ রান তুলে চালকের আসনটি হাতছাড়া হয়নি নিউজিল্যান্ডের। ক্রিকইনফো।