গাপটিলের ২৩৭, নিউজিল্যান্ড ৩৯৩

পুরো ওয়েলিংটনই তো আজ গাপটিলময়! নিউজিল্যান্ডের এই উদ্বোধনী ব্যাটসম্যান আজ নিউজিল্যান্ডের রাজধানী শহরে যা করলেন, তা ক্রিকেট ইতিহাসেরই তো এক অনন্য কাব্যগাথা। এক দিনের ক্রিকেটে একাই ২৩৭! একজন ব্যাটসম্যানই যেখানে পুরো দলের ব্যাটিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নেন, তখন প্রতিপক্ষের অবস্থা কি হয়, সেটা আজ ওয়েস্ট ইন্ডিজ হাড়ে হাড়েই বুঝে গেছে। গাপটিলের ২৩৭ রানের পর ক্যারিবীয়দের এখন ডিঙাতে হবে হবে ৩৯৪ রানের পাহাড়।
টসে জিতে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা কিন্তু এমন শেষের ইঙ্গিত দিচ্ছিল না। দলীয় ২৭ রানেই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে (১২) হারানোর ধাক্কা সামলাতে হয়েছে তাদের। এরপর ৮৯ রানের মাথায় কেন উইলিয়ামসন (৩৩)। কিন্তু মার্টিন গাপটিল যে আজ ক্রিকেটের নতুন রূপকথা মাথায় নিয়ে বসে আছেন, সেটা কে ভেবেছিল? প্রথমে উইলিয়ামসনকে নিয়ে ইনিংসের প্রাথমিক ক্ষতে প্রলেপ লাগিয়েছেন। রস টেলরকে নিয়ে চেষ্টা চালিয়েছেন ক্যারিবীয়দের চ্যালেঞ্জ জানানোর মতো দলীয় সংগ্রহের। বাকিটা সময়টায় যেন তিনি একাই হাতে তুলে নিয়েছিলেন সবকিছু। আসুরিক কোনো হিংস্রতায় নয়, নিখাদ ক্রিকেটীয় ব্যাকরণ মেনেই আজ তিনি খুন করেছেন ক্যারিবীয় বোলিং লাইন আপকে। উইকেটের চারিদিকে অসাধারণ পারঙ্গমতার সঙ্গে বল পাঠিয়ে ছুঁয়েছেন একের পর এক মাইলফলক। নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়।
গাপটিলের ইনিংসটি এসেছে মাত্র ১৬৩ বলে। ২৪ চার ও ১১ ছয়ের এই ইনিংসটি বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ। বিশ্ব মঞ্চের সর্বোচ্চ সংগ্রহে তিনি ম্লান করে দিয়েছেন নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে ইনিংসের গৌরবকে। আজ গ্লেন টার্নার গাপটিলের ইনিংসটি দেখেছেন কিনা কে জানে! দেখলে অবশ্যই তিনি আজ সবচেয়ে সুখী মানুষ। অনবদ্য ২৩৭ রানের ইনিংসটি খেলার পথে গাপটিল যে ভেঙেছেন টার্নারের দীর্ঘদিনের এক রেকর্ড। ১৯৭৫ বিশ্বকাপে পূর্ব আফ্রিকার বিপক্ষে ১৭১ রানের এক ইনিংস খেলেছিলেন টার্নার। এত বছর ধরে এটিই হয়ে ছিল নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ বিশ্বকাপ-সংগ্রহ।
গাপটিলের ২৩৭ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ ৪২-রস টেলরের। গ্রান্ট এলিয়টও শেষের দিকে ১৫ বলে ২৭ রান করে শামিল হয়েছিলেন নিউজিল্যান্ডের রান-উৎসবে।
ওয়েস্ট ইন্ডিজের বোলাররা আজকের দিনটা ভুলে যেতেই চাইবেন। রানের বন্যায় ভেসে যাওয়া ক্যারিবীয় বোলারদের পরিসংখ্যান একেবারেই তথৈবচ। জেরম টেলর ৭১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আন্দ্রে রাসেল ২ উইকেট নিলেও রান দিয়েছেন ৯৬ টি!