গাপটিল-উইলিয়ামসনের ব্যাটে নিউজিল্যান্ডের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের জয়ের ভিত তৈরি করেছেন গাপটিল আর উইলিয়ামসন।  ছবি: এএফপি।
নিউজিল্যান্ডের জয়ের ভিত তৈরি করেছেন গাপটিল আর উইলিয়ামসন। ছবি: এএফপি।

রানটা আরও বেশি হতে পারত পাকিস্তানের। বাবর আজম আর মোহাম্মদ হাফিজের ব্যাটে যে গতিতে তাদের স্কোরবোর্ডের চাকা ঘুরছিল, অকল্যান্ডের ইডেন পার্কে ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডটা হুমকির মুখেই ছিল। ২০ ওভার বাকি থাকতে পাকিস্তান ৩ উইকেটে ২০৭। অকল্যান্ডে দলীয় সর্বোচ্চ স্কোর ৩৪০, যেটি ২০০৭ সালে নিউজিল্যান্ড করেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
কিন্তু হঠাৎই ব্যাটিং বিপর্যয়। ২১৫ থেকে ২৯০ পর্যন্ত যেতেই বাকি ৭ উইকেট নেই পাকিস্তানের। ইনিংসের তখনো ১৫ বল বাকি! বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তাড়া করতে নামা নিউজিল্যান্ড বেশ সহজেই জিতেছে মার্টিন গাপটিল আর কেন উইলিয়ামসনের দুটি দুর্দান্ত ইনিংসে। ডাকওয়ার্থ-লুইসে ৩ উইকেটের জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটাও ২-০ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। নেপিয়ারে বৃষ্টিতে ভেসে গিয়েছিল সিরিজের দ্বিতীয় ওয়ানডে।
২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৬ রানেই ব্রেন্ডন ম্যাককালামকে হারিয়েছিল নিউজিল্যান্ড। চোট কাটিয়ে ফিরে প্রথম ইনিংসেই ম্যাককালাম আউট হয়েছেন শূন্য রানে। বিপর্যয় সামলে হাল ধরেন গাপটিল আর উইলিয়ামসন। তবে গাপটিলের ৮২ (৮১ বলে) ও অ্যান্ডারসনের ৮৪ (৮৬ বলে) রানের পর শেষদিকে অ্যান্ডারসন আর রনকির ব্যাট থেকেও আসে যথাক্রমে ৩৫ (২৯) আর ২০ (২১) রান।
নিউজিল্যান্ডের ইনিংসের ৩৬তম ওভারে বৃষ্টি আসায় নিউজিল্যান্ডের লক্ষ্যটা দাঁড়ায় ৪৩ ওভারে ২৬৩। ৩৬ ওভারেই ৫ উইকেটে ২১০ রান তুলে ফেলা কিউইদের জন্য পুনর্নির্ধারিত লক্ষ্য ছুঁতে কোনো সমস্যাই হয়নি।
তবে ভাগ্যের সাহায্যও পেয়েছে কিউইরা। ৩৯তম ওভারে রাহাত আলীর বল কোরি অ্যান্ডারসনের ব্যাট ছুঁয়ে গেলেও পাকিস্তানের আবেদনে সাড়া দেননি আম্পায়ার বিলি বাউডেন। এ সময় ডিআরএসের কোটাও শেষ হয়ে গিয়েছিল পাকিস্তানের। অ্যান্ডারসন ওই মুহূর্তে আউট হয়ে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেও পারত।
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করা পাকিস্তানের ইনিংসের মেরুদণ্ড ছিলেন মোহাম্মদ হাফিজ আর বাবর আজম। হাফিজ ৬০ বলে ৭৬ রান করেন ৫ চার ও ৫ ছয়ের সাহায্যে। বাবর ব্যাট করেছেন আরও হাত খুলে। তাঁর ৮৩ রান এসেছে ৭৭ বলে। কিন্তু পাকিস্তানের বড় ইনিংসের স্বপ্ন ভঙ্গ হয় ৭৬ রানে শেষ ৭ উইকেট হারিয়ে।
৩৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার ছিলেন অ্যাডাম। সূত্র: এএফপি।