ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার নন!

ওয়ার্ন সর্বকালের সেরা লেগ স্পিনার নন!ফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার সন্ধ্যাটা এসেছিল অবিশ্বাস নিয়ে। শেন ওয়ার্নের মৃত্যুর খবরটা যেন কেউই বিশ্বাস করতে পারছিলেন না। এমন হাসিখুশি, প্রাণপ্রাচুর্যে ভরপুর একজন মানুষ পৃথিবী থেকে চলে গেলেন, এটা কারই-বা বিশ্বাস হয়। শোকস্তব্ধ হয়ে পড়ে ক্রিকেট দুনিয়া। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা নিজেদের অন্তরের অন্তস্তল থেকে ওয়ার্নের প্রতি ভালোবাসা জানান। তাঁকে সর্বকালের অন্যতম সেরা লেগ স্পিনার বলতে দ্বিতীয়বার ভাবেননি কেউই।

কিন্তু সুনীল গাভাস্কার ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় ফেলতে চান না। ওয়ার্নের মৃত্যুতে শোক জানিয়েও তিনি বলেছেন, ‘আমি ওয়ার্নকে ক্রিকেটের সর্বকালের সেরা স্পিনারদের দলে ফেলতে নারাজ। তাঁর চেয়েও ভারতের অনেক স্পিনার ও মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড ভালো।’ গাভাস্কারের এই মন্তব্য তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। নেট দুনিয়ায় অনেকেই বলছেন, ‘সদ্য মৃত একজন দুর্দান্ত ক্রিকেটার সম্পর্কে গাভাস্কারের এমন মন্তব্য কুরুচিপূর্ণ।’

ইন্ডিয়া টুডের লাইভে উপস্থিত হয়ে গাভাস্কার অবশ্য ওয়ার্নকে একেবারেই অশ্রদ্ধা করেননি, ‘শেন ওয়ার্নের মৃত্যু বিরাট এক ধাক্কা আমাদের জন্য। সে লেগ স্পিনের কৌশল এমনভাবে রপ্ত করেছিল, যেটি আর কেউই করতে পারেনি।’

সেই লাইভেই ভারতীয় কিংবদন্তিকে জিজ্ঞাসা করা হয়, ক্রিকেটে শেন ওয়ার্নই সর্বকালের সেরা স্পিনার কি না! ভারতীয় কিংবদন্তি সেটি মানতে চাননি। তিনি ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনারদের তালিকাতেও রাখতে চাননি, ‘ওয়ার্নের চেয়ে ভারতীয় স্পিনার ও মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড অনেক ভালো।’

গাভাস্কার এর ব্যাখ্যাও দিয়েছেন, ‘ভারতের মাটিতে ওয়ার্নের রেকর্ড দেখুন। খুবই সাধারণ মানের মনে হবে। নাগপুরে বোধ হয় একটা ৫ উইকেট আছে তাঁর। সেটিও হতো না, যদি জহির খান বাজে শট খেলে আউট না হতো। ভারতে ওয়ার্ন সেভাবে ভালো করতে পারেনি, কারণ ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনারদের বিপক্ষে দুর্দান্ত। আমি তাঁকে সর্বকালের সেরা লেগ স্পিনার বলতে চাই না। মুত্তিয়া মুরালিধরনের রেকর্ড ভারতের মাটিতে অনেক ভালো। আমি ওয়ার্নের ওপরই মুরালিকে রাখব।’

গাভাস্কারের এ মন্তব্য ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। টুইটারে তাঁরা বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়েছেন। সদ্য মৃত একজন সম্পর্কে গাভাস্কারের এমন মন্তব্যও কুরুচিপূর্ণ মনে করেন তাঁরা।

ওয়ার্নকে নিয়ে গাভাস্কারের মন্তব্যে ক্ষুব্ধ ভারতীয় নেটিজেনরা
ছবি: টুইটার

একজন লিখেছেন, ‘গাভাস্কারের এমন মন্তব্য খুবই দুঃখজনক। খুবই বাজে মন্তব্য। তিনি শেন ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনার বলতে চাননি কেবল ভারতে তাঁর রেকর্ড খারাপ বলে! লজ্জাজনক!’

আরেকজন প্রশ্ন রেখেছেন এভাবে, ‘সুনীল গাভাস্কার শেন ওয়ার্নকে সর্বকালের সেরা স্পিনারদের তালিকায় রাখতে চাইছে না কেবল ভারতীয় ব্যাটসম্যানদের বিপক্ষে তাঁর রেকর্ড ভালো নয় বলে, তাহলে শচীন টেন্ডুলকারের রেকর্ড যে অস্ট্রেলীয় ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রার বিপক্ষে ভালো নয়, সেটিকে তিনি কী বলবেন!’

আরও একজন রসিকতা করে বলেছেন, ‘প্রয়াত শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা, ডেমিয়েন ফ্লেমিং, জেসন গিলেস্পি, ব্রেট লিরা মিলে টেস্ট ক্রিকেটে হাজার খানেক উইকেট শিকার করেছেন। ওয়ার্ন নিজেই টেস্টে ৭০৮ উইকেট পেয়েছেন। এরপরও যদি গাভাস্কার সাহেব ওয়ার্নকে নিয়ে এমন কিছু বলেন, তাহলে তিনি নিশ্চয়ই এমন কিছু খেয়েছেন, যেটি মানুষকে সঠিকভাবে চিন্তা করতে দেয় না।’