ক্রেগ ব্রাফেট জানতেন, কাজটা শেষ হতে এখনো অনেক পথ বাকি।
বাকি দেখেই শতকের পর আবেগের আতিশয্যে ভেসে যাননি। উদ্যাপনটা হলো শান্তসৌম্য। পিচের অপর প্রান্তে আস্তে ধীরে হেঁটে গেলেন, ঠোঁটের কোণে হাসি দেখা গেল একটু, অলসভাবে ব্যাট তুলে দর্শকদের অভিনন্দনের জবাব দিলেন। পুরো দিন দাঁতে দাঁত চেপে ইংলিশ বোলারদের সামলে যাওয়া ব্রাফেটের যে এখনো অনেক কাজ বাকি! ব্রিজটাউনে তৃতীয় দিনের খেলা শেষে ১১৭ ওভারে ৪ উইকেটে ২৮৮ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের প্রথম ইনিংসে তোলা রানের চেয়ে এখনো ২১৯ রান পিছিয়ে স্বাগতিকেরা।
অবশ্য শুধু ব্রাফেটের সুনাম করলে জার্মেইন ব্ল্যাকউডের প্রতি অবিচার করা হয়; শতক যে ব্ল্যাকউডও পেয়েছেন! দুজনের চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে ক্যারিবিয়ানরা। ব্রাফেটের মতো ব্ল্যাকউড অবশ্য অপরাজিত থেকে দিন শেষ করতে পারেননি। দিনের শেষভাগে এসে ড্যান লরেন্সের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন। ব্ল্যাকউড যাওয়ার পর মাত্র ৪ রান যোগ করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। আলজারি জোসেফকে নিয়ে দিনের বাকি সময় কাটিয়ে দেন ব্রাফেট।
এই নিয়ে টেস্টে নিজের দশম শতকের দেখা পেলেন ব্রাফেট। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের ওপেনারদের কাছ থেকে আসা শেষ দশটা শতকের প্রতিটিই করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই অধিনায়ক। ওপেনিংয়ে নেমে এমন টানা শতকের রেকর্ডে ব্রাফেটের ওপরেই আছেন গাভাস্কার—১৯৭৪ থেকে ১৯৮৩ পর্যন্ত টেস্টে ওপেনারদের কাছ থেকে ভারত ২২টি শতক পেয়েছে, এর প্রতিটিই গাভাস্কারের।
পুরো দিন শামুকের গতিতে ব্যাট করেছেন ব্রাফেট। কতটা ধীরলয়ে ব্যাট করেছেন, দুটি তথ্য দিয়ে বোঝানো যায়। তৃতীয় দিনে নিজের অর্ধশতক ছুঁতে ১৬৭ বল খেলেন ব্রাফেট। পঞ্চাশ ছুঁতে এর চেয়ে বেশি বল কখনো লাগেনি তাঁর। দিনের শেষ দিকে শতক ছোঁয়ার পর জ্যাক লিচের বলে কাট করে নিজের রান যখন ১০৯-তে নিয়ে যান, সঙ্গী ব্ল্যাকউডের রান ছিল ৮৮। ব্ল্যাকউড শতক তুলে নিয়েছেন এরপর, লরেন্সের বলে ১০২ রানে আউটও হয়েছেন, তখনো ব্রাফেটের সংগ্রহ ১০৯।
দুজনের জুটি থেকে এসেছে ১৮৩ রান। অবশ্য রানটা আরও অনেক কম হতে পারত, যদি না একটা ফ্রন্টফুটের নো-বল কপাল পোড়াত সাকিব মাহমুদের। ব্ল্যাকউডের রান যখন ৬৫, সাকিবের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হন এই ডানহাতি জ্যামাইকান। নিজের প্রথম টেস্ট উইকেটের আনন্দে উদ্বেলিত সাকিব এরপর আবিষ্কার করেন, বলটা নো ছিল!
অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে ব্ল্যাকউডের ব্যাট না হাসলেই বরং চমকে যেতে হতো। ইংল্যান্ডের বিপক্ষে ১১ টেস্ট খেলে ৪৮ গড়ে রান তোলা ব্ল্যাকউড এ নিয়ে শতক পেলেন দুবার। অন্যান্য দলের বিপক্ষে ৩৪ টেস্টে শতক পেয়েছেন একবার, রান তুলেছেন ২৬ গড়ে।
তবে দিনটা যে এমন কাটবে, প্রথম সেশনে অন্তত মনে হয়নি। এক উইকেটে ৭১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা ওয়েস্ট ইন্ডিজ মধ্যাহ্নভোজের আগেই হারিয়ে বসে শামার ব্রুকস ও এনক্রুমা বোনারের উইকেট। ১০৫ বলে ৩৯ রান তুলেছেন ব্রুকস, পরে আউট হয়েছেন লিচের বলে। সে তুলনায় আগের টেস্টের ম্যাচসেরা এনক্রুমা বোনার তেমন কিছু করতে পারেননি। বেন স্টোকসের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে ৩৩ বলে মাত্র ৯ রান করেন বোনার। এরপরই শুরু হয় ব্রাফেট-ব্ল্যাকউডের প্রতিরোধ-কাব্য।
দিনের শেষভাগে ব্ল্যাকউড থেমে গেলেও যোগ্য অধিনায়কের মতো এখনো টিকে আছেন ব্রাফেট।