গাভাস্কারের বিপত্তি

ক্রিকেট-বিশ্বে তিনি শ্রদ্ধাভাজন। সবার চেনা মুখও। কিন্তু যুক্তরাষ্ট্র তো আর ক্রিকেট-অনুরাগী কোনো দেশ নয়। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় লডারহিল স্টেডিয়ামে ঢুকতে গিয়ে সুনীল গাভাস্কার বুঝতে পারলেন যুক্তরাষ্ট্র কতটা ক্রিকেটবিচ্ছিন্ন দেশ। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে স্টেডিয়ামে ঢোকার মুখে আটকে দেওয়া হলো ভারতের কিংবদন্তি ব্যাটসম্যানকে।
ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টেলিভিশন ধারাভাষ্যকারদের দলে ছিলেন গাভাস্কার। কিন্তু ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে তাঁকে ঢুকতে দেননি নিরাপত্তাকর্মীরা। গাভাস্কার যখন মাঠে ঢুকছিলেন, টিম বাস থেকে ক্রিকেটাররাও নামছিলেন৷ ওই সময় অন্য কারও স্টেডিয়ামে ঢোকা নিষিদ্ধ করে রেখেছিল স্টেডিয়ামের নিরাপত্তা বিভাগ। পরিচয়পত্র থাকার পরও তাই গাভাস্কার ভেতরে যাওয়ার অনুমতি পাননি। টিম বাস চলে যাওয়ার পর অবশ্য মাঠে যেতে দেওয়া হয় ‘লিটল মাস্টার’কে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা নিয়ে অবশ্য কোনো অসন্তোষ প্রকাশ করেননি গাভাস্কার। নিরাপত্তার কড়াকড়িকে নিয়মের অংশ হিসেবেই মেনে নিয়েছেন। ইন্ডিয়া টুডে।