গাভাস্কারের মতো একটি ইনিংসও খেলেননি টেন্ডুলকার!

ইমরান খানের এই কথায় দুঃখ পেতে পারেন শচীন টেন্ডুলকারের ভক্তকুল। কিন্তু এতে কিছুই যায় আসে না পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়কের। তিনি বিশ্ব ক্রিকেটে টেন্ডুলকারের অবদানকে মোটেও খাটো করে দেখেন না, কিন্তু তাঁর মতে, সুনীল গাভাস্কার তাঁর ক্যারিয়ারে যে ধরনের ইনিংস খেলেছেন, টেন্ডুলকারের একটি ইনিংসও তাঁর সম পর্যায়ের নয়।
এই মুহূর্তে ভারত সফররত ‘রাজনীতিক’ ইমরান। আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। আলোচনায় ভারত-পাকিস্তান সিরিজের ব্যাপারটি তুললে মোদী নাকি তা স্মিতহাস্যে এড়িয়ে যান। ইমরান বলেছেন, ‘আমি প্রধানমন্ত্রীর সামনে ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রসঙ্গটি তুলেছিলেন। তিনি কোনো কিছু না বলে একটা ছোট্ট হাসি দিয়েছেন, সেই হাসিতে বোঝা গেল না তিনি এই সিরিজের পক্ষে না বিপক্ষে। তবে আমি খুব ইতিবাচক। আমি নিশ্চিত এই সিরিজের ব্যাপারে আমরা ভালো কোনো খবরই পাব।’
ইমরান কথা বলছিলেন ‘আজতক’ নামের একটি টেলিভিশন চ্যানেলে। সুনীল গাভাস্কার আর শচীন টেন্ডুলকারের মধ্যে তুলনা করতে যেয়ে তাঁর গাভাস্কারকে এগিয়ে রাখার কারণ সত্তর-আশির দশকের ভয়ংকর সব ফাস্ট বোলাররাই, ‘টেন্ডুলকার কখনোই সুনীল গাভাস্কারের সম পর্যায়ের একটাও ইনিংস খেলেনি। দেখুন, গাভাস্কার ওয়েস্ট ইন্ডিজের বিশ্বমানের ভয়ংকর চার ফাস্ট বোলারকে নিয়মিত খেলেছেন। গাভাস্কারের অবদানটা আসলে ঠিক পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব নয়। আমার খুব খারাপ লাগে যখন ভাবি গাভাস্কার যখন একাই বিভিন্ন ধরনের ফাস্ট বোলারকে মোকাবিলা করছেন, তখন তাঁর দেশে সে মানের কোনো ফাস্ট বোলার ছিল না। কপিল দেব এসে অবশ্য এ ব্যাপারটিতে পরিবর্তন এনেছিলেন।’
বিভিন্ন যুগের সেরা খেলোয়াড়দের মধ্যে কোনো তুলনায় যেতে চান না ইমরান। তিনি বলেছেন, বিভিন্ন যুগের খেলোয়াড়দের মধ্যে আসলে কোনো তুলনা হয় না। সুনীল গাভাস্কার যখন খেলেছেন, তখন ডেনিস লিলির মতো বিশ্ব সেরা ফাস্ট বোলার রাজত্ব করছেন, জহির আব্বাসের টাইমিং ছিল নিখুঁত। ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় মজিদ খানকে সেরা বলাই যায়। এরপর এসেছে জাভেদ মিয়াঁদাদের মতো ব্যাটসম্যান। আমি শচীন টেন্ডুলকারের অর্জনকে মোটেও খাটো করে দেখি না। কিন্তু বিশ্বাস করি, বিভিন্ন যুগের সেরা খেলোয়াড়দের মধ্যে আসলে তুলনা করাটা ঠিক না।’
লেগ স্পিনার হিসেবে নিজ দেশের আবদুল কাদিরকেই এগিয়ে রাখতে চান ইমরান। তবে তাঁর দৃষ্টিতে কাদির এগিয়ে থাকলেও শেন ওয়ার্ন কিংবা অনিল কুম্বলেরা খুব একটা পিছিয়ে নেই, ‘কাদিরকে পিছিয়ে রাখার কোনো অবকাশ নেই। সে যখন খেলেছে, তখন কোনো ব্যাটসম্যানই লেগ স্পিনে ফ্রন্ট ফুটে এলবির শিকার হতো না। ওয়ার্ন কিন্তু তাঁর ক্যারিয়ারে ফ্রন্ট ফুটে অজস্র এলবি আদায় করে নিয়েছে। কাদির যদি এই জামানায় খেলত, তাহলে একবার চিন্তা করে দেখুন, তাঁর উইকেট সংখ্যা কত হতো!’
কপিল দেবের প্রতিও শ্রদ্ধাবোধ আছে ইমরানের, ‘আমি কপিলকে প্রথম দেখি একটা প্রদর্শনী ম্যাচে। সে সেই প্রদর্শনী ম্যাচেও বাউন্সান দিচ্ছিল। সে একজন স্টাইলিশ ব্যাটসম্যানই কেবল নয়। একজন সত্যিকারের অলরাউন্ডার।’
ইমরানের সর্বকালের সেরা একাদশে থাকছেন ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খেলোয়াড় হিসেবে ধোনিকে যেকোনো দলের ‘কঠিন সময়ের কান্ডারি’ই মনে করেন সর্বকালের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
জাভেদ মিয়াঁদাদের সঙ্গে তাঁর অম্ল-মধুর সম্পর্কের কথা এড়িয়েই গেছেন ইমরান। মিয়াঁদাদকে অভিহিত করেছেন, ‘যোদ্ধা’ হিসেবেই, ‘মিয়াঁদাদ ম্যাচের শেষ বল পর্যন্ত লড়াই করে যেত। এটাই তাঁর শক্তি। প্রত্যেক মানুষেরই শক্তি ও দুর্বলতার জায়গা আছে। আমি তাঁর শক্তির জায়গাটাকেই বেছে নেব তাঁর সম্পর্কে বলার জন্য। মিয়াঁদাদ সব সময়ই ছিল দলের দারুণ একটা সম্পদ।’ সূত্র: পিটিআই।