গাভাস্কারের হৃদয়ে পাকিস্তানি 'রসনা'

ক্রিকেট ক্যারিয়ারে পাকিস্তান সফর করেছেন তিন বার। সফর তিনটির স্মৃতি মধুর হলেও তাঁর নাকি একটা অভিযোগ আছে। এই সফরগুলোতে গিয়ে নাকি কোমরের মাপ বেড়ে গিয়েছিল তাঁর। এর কারণ একটাই, প্রতিটি পাকিস্তান সফরে এত সব সুস্বাদু খাবার পরিবেশন করা হয়েছিল তাতে জিবের সংযমকে বাধ্য হয়েই ছুটি দিতে হয়েছিল তাঁর।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে মন্তব্য করতে গিয়ে এই কিংবদন্তি টেনে এনেছেন অতীতের পাকিস্তান সফরের এই মজার অভিজ্ঞতা। তাঁর মতে, খুব দ্রুতই ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট সিরিজ শুরু হওয়ার প্রশ্নে দুই দেশের সরকারের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন।
১৯৭৮ সালে প্রথমবারের মতো পাকিস্তান সফর করেছিলেন এই ভারতীয় ক্রিকেট গ্রেট। সেই সফরে অসম্ভব সুস্বাদু সব খাবার-দাবারের স্বাদ গ্রহণ করেছিলেন তিনি। পাকিস্তানি খাবার তাঁর এতটাই ভালো লেগেছিল যে খেলোয়াড়ি বিধি-নিষেধকে দূরেই সরিয়ে রাখতে হয়েছিল তাঁর। পাকিস্তানের তিনটি সফরই তাঁর কোমরের মাপ বাড়িয়ে দিয়েছিল, ‘ক্যারিয়ারের প্রথম সাত বছর আমার কোমরের মাপ ছিল ৩০ ইঞ্চি। ১৯৭৮ সালে পাকিস্তান সফরে এমন সব সুস্বাদু খাবার খেয়েছিলাম যে কোমর হয়ে গেল ৩২। এই পর্যন্ত ঠিকই ছিল। ১৯৮২-৮৩ সালের পাকিস্তানের লম্বা সফরটির পর কোমর হয়ে গেল ৩৪ ইঞ্চি!’
ক্রিকেটের স্বার্থেই ভারত-পাকিস্তান সিরিজটা জরুরি বলে মনে করেন গাভাস্কার। তবে এ ক্ষেত্রে দুই দেশে সরকারকেই উদ্যোগী হওয়ার পরামর্শ তাঁর। দুই দেশের সরকারের উদ্যোগ ছাড়া পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলেই অভিমত তাঁর, ‘আমার মনে হয় বোর্ডের পক্ষে সরকারের নীতি পরিবর্তন করা সম্ভব নয়। এ জন্য দুই দেশের সরকারকেই এগিয়ে আসতে হবে। দিল্লি ও ইসলামাবাদের মধ্যে আলোচনাই পারে ভারত-পাকিস্তান সিরিজের পথে সব বাধা দূর করতে।
দক্ষিণ এশিয়ায় সার্কভুক্ত দেশগুলো একে অন্যের পরিপূরক বলেই মনে করেন তিনি, ‘সার্ক অঞ্চলে ভারত-পাকিস্তান ক্রিকেট এই অঞ্চলে ক্রিকেটকে শক্তিশালী করবে। শুধু তা-ই নয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা একে অন্যের পরিপূরক। ভারত যদি বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার সঙ্গে খেলা বন্ধ করে দেয়, তাহলে আখেরে ক্ষতি হবে সবারই। পাকিস্তান যেমন এই মুহূর্তে ভারতের সঙ্গে না খেলা হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত।’
দক্ষিণ এশীয় ক্রিকেটকে ঐক্যবদ্ধ করতে এশিয়া কাপ টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন টেস্ট ক্রিকেটে ৩৪টি শতকের মালিক এই জীবন্ত কিংবদন্তি, ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো একে অন্যের বিপক্ষে খেললে ক্রিকেটই লাভবান হবে। এ জন্য এশিয়া কাপ ক্রিকেট দারুণ একটা প্রতিযোগিতা। অত্যন্ত গুরুত্বপূর্ণও বটে।’ সূত্র: এএফপি।